Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসকেএম চত্বরে গাছ ভেঙে মৃত্যু

একদিনে এসএসকেএম হাসপাতালের দু’জায়গায় ভেঙে পড়ল গাছ। প্রথম ঘটনাটিতে তিনজন আহত। পরের ঘটনায় আস্ত একটি শিমুল গাছ ভেঙে এক রোগীর আত্মীয়ের মাথার উপর পড়ে।

এসএসকেএম চত্বরে গাছ ভেঙে মৃত্যু
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিনে এসএসকেএম হাসপাতালের দু’জায়গায় ভেঙে পড়ল গাছ। প্রথম ঘটনাটিতে তিনজন আহত। পরের ঘটনায় আস্ত একটি শিমুল গাছ ভেঙে এক রোগীর আত্মীয়ের মাথার উপর পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাহিদা বিবি। সোমবার হাসপাতালের নিউরোলজি বিভাগের সামনে ঘটেছে ঘটনাটি।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, পরপর দু’টি দুর্ঘটনা ঘটে পিজি হাসপাতালে। সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতালের ইউরো-নেফ্রো বিভাগের সামনে একটি বেদিতে বসেছিলেন রোগীর বাড়ির তিনজন। আচমকা একটি কলাগাছ ভেঙে পড়ে তাঁদের উপর। কলা গাছের কাণ্ড নরম হওয়ায় কারও বিশেষ চোট লাগেনি। তবে এই ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্য ছড়ায়। আহতদের উদ্ধার করে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তিনজনের। তাঁদের সিটি স্ক্যান করানো হয়। হাসপাতাল জানিয়েছে, আহতদের কারও আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 
তবে এর কয়েক ঘণ্টার মধ্যে ওই একই বিভাগের পিছনের দিকে আরও একটি গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। সেখানে বসে মুড়ি খাচ্ছিলেন রাহিদা বিবি। তাঁর মাথার উপরে শিমুল গাছ ভেঙে পড়ে। গুঁড়ির আঘাতে গুরুতর চোট লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলে যায় এসএসকেএমের আউটপোস্টের পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধার করে মহিলাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহিদাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ভবানীপুর থানা। প্রাথমিক খোঁজখবরের পর পুলিশ জানিয়েছে, রাহিদা এক রোগীর পরিজন। তাঁর নাম আতলিমা বিবি। তিনি ভর্তি ইউরোলজি বিভাগে। রাহিদা বিবি তাঁর দেখাশোনা করার জন্য এসেছিলেন হাসপাতালে। একাধিক গাছ ভেঙে পড়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে পিজি কর্তৃপক্ষ। গাছ পরীক্ষার জন্য বনদপ্তরকে চিঠি পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ