অকাল বৃষ্টির জের, ভালো মানের ধান কেনা নিয়ে দুশ্চিন্তায় সরকার
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হতে আর দিন সাতেক বাকি। কিন্তু ব্যাপক বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে মাঠে থাকা ধানের ক্ষতি হয়েছে তাতে ১ ডিসেম্বর থেকে ভালো মানের ধান কতটা পাওয়া যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সরকারি উদ্যোগে যে ধান কেনা হয় তার গুণমান কেন্দ্র ঠিক করে দেয়। ধানে আর্দ্রতা, খাদ প্রভৃতি সর্বোচ্চ কতটা থাকতে পারে তা নির্দিষ্ট করা আছে। ক্রয় কেন্দ্রগুলিতে যন্ত্রের সাহায্যে গুণমান যাচা‌ই করে তবেই ধান কেনা হয়। আর্দ্রতার মাত্রা ১৭ শতাংশের মধ্যে থাকতে হয়। দক্ষিণবঙ্গের রাইস মিল মালিকরা মনে করছেন, যে ধান বৃষ্টির জলে ব্যাপকভাবে ভিজে গিয়েছে তা  সরকারি নির্ধারিত মান অনুযায়ী বিক্রি করার ক্ষেত্রে সমস্যা হবে। একটা বড়ো অংশের ধান কম দামে খোলাবাজারে বিক্রি করতে বাধ্য হবেন চাষিরা। 

Advertisement

রাজ্য সরকার এখনো পর্যন্ত ২০২৬-২৭ খরিফ মরশুমে ২৫ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। গত খরিফ মরশুমের তুলনায় লক্ষ্যমাত্রা অনেক কমানো হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রাজ্যের যে প্রায় ৬ কোটি রেশন গ্রাহক আছেন তাঁদের জন্য প্রয়োজনীয় চাল উৎপাদন করতে যে পরিমাণ ধান প্রয়োজন সেটাই আপাতত কেনার লক্ষ্য সরকারের। তবে প্রয়োজন পড়লে এর থেকে বেশি ধান কেনা হতে পারে তা খাদ্যদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার স্থায়ীভাবে ধান কেনার জন্য রাজ্যে সিপিসি খোলা হচ্ছে ২৯৯টি। সংখ্যাটি গতবার ছিল ৬০০-র বেশি। সিপিসি ছাড়াও গতবছর মোবাইল সিপিসি খোলা হয়েছিল ১৭৫টি। এতে গ্রামে লরি পাঠিয়ে ধান কেনা হত। এবার মোবাইল সিপিসি খোলা হচ্ছে না। তবে অস্থায়ী শিবির বা ক্রয়কেন্দ্র খুলে ধান কেনা হবে। কৃষি সমবায় সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী প্রভৃতির মাধ্যমে অস্থায়ী কেন্দ্রে কীভাবে ধান কেনা হবে, তার নিয়ম-নীতি ঠিক করে দিয়েছে খাদ্যদপ্তর। এখনো পর্যন্ত ৪ লক্ষ ৪ হাজার কৃষক সরকারের কাছে ধান বিক্রির জন্য অনলাইনে নাম নথিভুক্ত করেছেন। চাষির জমির পরিমাণে উপর নির্ভর করবে তিনি কত পরিমাণ ধান বিক্রি করতে পারবেন। পুরোটা যাচাই করবে কৃষিদপ্তর।