নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিদেশি লগ্নির পরিমাণ বৃদ্ধি করতে চাইছে মোদি সরকার। যে পরিমাণ প্রত্যক্ষ বিদেশি লগ্নি সরকারি ব্যাংকগুলিতে রয়েছে, সেই সীমা দ্বিগুণের বেশি বাড়াতে ইচ্ছুক অর্থমন্ত্রক। তাই এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। অন্তত ৪৯ শতাংশ করা হবে প্রত্যক্ষ বিদেশি লগ্নি। কারণ হিসেবে সরকারি সূত্রে বলা হচ্ছে, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় আরও বেশি লগ্নিতে উৎসাহী হচ্ছে বিদেশি ব্যাংক ও আর্থিক সংস্থাগুলি। সাম্প্রতিক প্রবণতা থেকে এই বার্তা পাওয়া যাচ্ছে। বেসরকারি ভারতীয় ব্যাংকগুলিকে অধিগ্রহণ করা অথবা অংশিদারিত্ব কিনে নেওয়ার আগ্রহও ক্রমবর্ধমান। যেমন আরবিএল ব্যাংকে অধিগ্রহণ করেছে দুবাইয়ের এমিরেটস এনবিডি। মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন ইয়েস ব্যাংকে লগ্নি করেছে। একই সঙ্গে সরকারি ব্যাংকগুলিতে বিদেশি আর্থিক সংস্থার লগ্নির পরিমাণ বেড়েই চলেছে। প্রায় ১২ শতাংশ স্পর্শ করেছে এফআইআই। প্রশ্ন হল, এক ধাক্কায় বিদেশি লগ্নির সীমা কি ৪৯ শতাংশে নিয়ে যাওয়া হবে নাকি ধীরে ধীরে বৃদ্ধি পাবে? বেসরকারি ক্ষেত্রে ইতিমধ্যেই ওই লগ্নি ৭৪ শতাংশে পৌঁছে গিয়েছে। যদিও বোর্ডে ভোটাধিকার একইসঙ্গে কতটা বৃদ্ধি পাবে সেটাও একটা বড় প্রশ্ন। কারণ ৪৯ শতাংশ পর্যন্ত লগ্নি হল, কিন্তু ভোটাধিকার ১০ শতাংশে রয়ে গেল, সেটা বিদেশি আর্থিক সংস্থাগুলি মেনে নিতে চাইবে না। কিন্তু সেই ভোটাধিকার বাড়ানো হলে সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠবে।



