সোফিয়া, ১০ নভেম্বর: বিশ্বের সবথেকে ভয়ংকর রাস্তা হিসেবে কুখ্যাতী ছিলই। তার সঙ্গে জুড়ল ঘন কুয়াশা। আর সেই কারণেই দৃশ্যমানতা নেমে এসেছিল মাত্র তিরিশ মিটার। সামনের রাস্তা কার্যত অদৃশ্য। আর তার মধ্যেই জাতীয় সড়কে পরপর ধাক্কা মারল একের পর এক গাড়ি। যার জেরে মৃত্যু হল ১২ জনের। আজ, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ার বুরগাস শহরে। গুরুতর জখম আরও অন্তত ৪৬ জন। তাঁদের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জানা গিয়েছে, স্থানীয় সময় আজ সকালে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা রাস্তা। সেই কারণে দৃশ্যমানতা কমে এসেছিল তিরিশ মিটারের নীচে। আশেপাশের কিছুই দেখা যাচ্ছিল না। যার জেরে দুর্ঘটনার শিকার হয় একাধিক গাড়ি। খবর পেয়ে পুলিশ, দমকলকর্মীরা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কাটিয়া ইভকোভা জানান, ‘ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। অন্তত ৪৬ জন চিকিৎসা চলছে।’ কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, বুলগেরিয়ার রাস্তা পৃথিবীর সবথেকে ভয়ংকর রাস্তাগুলির মধ্যে একটা বলে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।



