চণ্ডীগড়: দেশভাগের কেটেছে ৭৯ বছর। সেদিনের রক্তাক্ত ঘটনা আজ অতীত। তারপর এই প্রথমবার পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার ‘ছেভি পাতশাহি শ্রী হরগোবিন্দ সাহিব’। সম্প্রতি সংস্কার করা হয়েছে শহরের টেম্পল রোডে অবস্থিত গুরুদ্বারটি। রবিবার ধর্মীয় রীতি মেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ। এছাড়াও ছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংখ্যালঘু মন্ত্রী। পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি রমেশ অরোরা বলেন, ঐতিহাসিক গুরুদ্বারটি সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন থেকে শিখ সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতে পারবেন। পাশাপাশি পাকিস্তানে আরও ৫০টি গুরুদ্বার সংস্কারের কাজ চলছে বলেও তিনি জানান।



