ওয়াশিংটন: প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতানোর ছক! নেপথ্যে চীনা ‘গুপ্তচর’ তরুণী। খ্যাতনামা মার্কিন এআই চিপ সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে শোরগোল তুঙ্গে। চীনা নাগরিক তথা সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের সিনিয়ার এগজিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্বীকার করে নিয়েছেন জেনসেন। আর এরপরই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এনভিডিয়া। তবে চীন সরকারের তরফে চরবৃত্তির অভিযোগ অস্বীকার করা হয়েছে। বেজিং বলেছে, ভিত্তিহীন এই অভিযোগ চীনের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এআই প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের আসন দখল নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে ‘মহারণ’ চলছে। তার মধ্যেই মার্কিন সংস্থার ধনকুবের শীর্ষকর্তা জেনসেন হুয়াংকে প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতানোর অভিযোগ উঠল চীনের গুপ্তচর সংস্থার বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে ২০২৫ সালের একটি গোপন মেমোর উল্লেখ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। সেই মেমোটি তৈরি হয়েছিল খোদ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর তত্ত্বাবধানে। সেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তাদের সতর্ক করে বলা হয়েছিল, এনভিডিয়া প্রধান জেনসেন এক চীনা তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। ওই সুন্দরী তরুণী চীনের গুপ্তচর সংস্থার জন্য কাজ করেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল মেমোতে।
এনভিডিয়ার তরফে বলা হয়েছে, আমরা আমেরিকার জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিই। গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার কোনো প্রমাণ এখনও মেলেনি। তবে অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। অন্যদিকে, নিজের সংস্থার কর্মচারীদের কাছে এক বিবৃতিতে পরকীয়ার কথা স্বীকার করেছেন জেনসেন। তিনি লিখেছেন, ‘স্ত্রীর সঙ্গে আমি প্রতারণা করেছি। আমার কাজে সে এবং আমার সন্তানরা দুঃখ পেয়েছে। আমি যা করেছি, তার কোনও অজুহাত হয় না।’



