ঢাকা: আগেই ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন বাংলদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করলেন তিনি। সংবাদসংস্থা জানিয়েছে, সোমবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন হাসিনার আইনজীবী। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়ার পর হাসিনার এধরনের আবেদন এই প্রথম।
দিল্লিতে বাংলাদেশে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে হাসিনার আইনি পরামর্শদাতা সংস্থা লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্স লিখেছে, ‘অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। তাই তাঁর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করছি।’ আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে এই আবেদন দ্রুত মঞ্জুর করারও আরজি জানানো হয়েছে। চিঠিটি ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।
হাসিনার এই আরজিকে কটাক্ষ করেছে শাসক দল বিএনপি। বাংলাদেশের বিদেশ বিভাগের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এখানে কি শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসবেন, যে পাসপোর্ট দেব? হাসিনা পলাতক সন্ত্রাসী। হাজার হাজার মানুষ হত্যায় অভিযুক্ত। তাঁকে কেন সাধারণ মানুষের মতো পাসপোর্ট দেওয়া হবে?’ অন্যদিকে পূর্বতন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘প্রত্যর্পণ চাওয়া দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট দিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসাবেই।’ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, হাসিনার আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে।



