নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে পিজি হাসপাতালের ধাঁচে সুপারস্পেশালিটি হাসপাতাল তথা মেডিকেল কলেজ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় সেকথা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) জমা দিতে বলেছেন। কলেজ সূত্রে খবর, রোগীর সংখ্যা, ভবিষ্যতে কী ধরনের রোগের প্রকোপ বাড়তে পারে, কত ছাত্রছাত্রী হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে এবং আগামী ২০-২৫ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা করে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ১০৪ একর জায়গার উপর গড়ে তোলা এই মেডিকেল কলেজের একাধিক বাড়ির কাঠামো ও বিভিন্ন জায়গার সংস্কার জরুরি। এখানে হবে একটি পৃথক সুপারস্পেশলিটি ভবন। ইউরোলজি, নেফ্রোলজি, সিটিভিএসসহ একাধিক সুপারস্পেশালিটি বিভাগ থাকবে সেখানে। আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যে সেই কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে জানিয়েছেন এই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুজয় মিস্ত্রি। ট্রমা সেন্টার এখানে ইতিমধ্যেই আছে। মেডিসিন, সার্জারি, অর্থো, আই, ইএনটি প্রভৃতি বিভাগের ওয়ার্ডের জন্য পৃথক ইনডোর বাড়ি তৈরির পরিকল্পনা আছে। একটি পৃথক আউটডোর বাড়ি এবং মা ও শিশুর চিকিৎসায় পৃথক মাদার অ্যান্ড চাইল্ড হাব করবারও পরিকল্পনা রয়েছে।
বাড়তে বাড়তে বর্তমানে এখানকার এমবিবিএস এবং পিজি’র আসন সংখ্যা যথাক্রমে ২৫০ এবং ১০৮। কিন্তু সেই তুলনায় এখানকার ছাত্রছাত্রীদের থাকার জায়গা অপ্রতুল। সেজন্য আধুনিক হস্টেল করবারও পরিকল্পনা রয়েছে। চারটি আধুনিক অডিটোরিয়াম করার কথা ভাবা হচ্ছে। এখানে কয়েক কোটি টাকা দামের অত্যাধুনিক ক্যাথল্যাব আসতেও দেরি নেই। এছাড়া যদি পরবর্তীকালে তারাও এনআরএসের মতো ক্যান্সার চিকিৎসায় মহার্ঘ পেট স্ক্যান বসানোর ছাড়পত্র পায়, তা ভেবে এখানকার ক্যান্সার হাবে যন্ত্রটি বসানোর মতো জায়গাও করে রাখা আছে।



