বিশ্বজিৎ দাস, কলকাতা: নিম্নমানের ওষুধ ধরা পড়লে বেশিরভাগ সময় আঙুল ওঠে জাল ওষুধের কারবারিদের দিকে। গুণমান রক্ষায় ভ্রূক্ষেপ না করা ছোটো-মাঝারি কিছু কোম্পানিই এই দোষে দুষ্ট—এমনও বলা হয় আকছার। বড়ো কোম্পানিগুলি অধিকাংশ ক্ষেত্রে সেই কথাই প্রচার করে। তারা বলে বেড়ায়, ‘আমাদের ওষুধই কিনুন, আমরা কাঁচামাল কেনা থেকে ওষুধ তৈরি, প্যাকেজিং, সংরক্ষণ, কোনো কাজেই ঢিলেমির জায়গা রাখি না।’ এবার সুগার, প্রেশার থেকে কোলেস্টেরল, হার্ট, হাঁচি-কাশি থেকে গ্যাস-অম্বলের ওষুধের ২০০টির বেশি নমুনা ফেল করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর মধ্যে অধিকাংশেরই প্রস্তুতকারক ‘মার্কেট লিডার’ সব ওষুধ সংস্থা। যারা এতদিন কলার তুলে দাবি করত, তাদের মতো স্বাস্থ্যবিধি বজায় রেখে কার্যকর ওষুধ ভূভারতে কেউ তৈরি করে না! এখন লাখ টাকার প্রশ্ন হল, মানুষ তাহলে যাবে কার কাছে, কাকে ভরসা করবে পূর্ণমাত্রায়?
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, বড়ো বড়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থার অসংখ্য ‘অপরিহার্য’ এবং ‘জীবনদায়ী’ ওষুধ রয়েছে এই ২০০টি অকৃতকার্য এনএসকিউ (নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি) ওষুধের তালিকায়। সোজাসাপ্টা ভাষায় ‘নিম্নমানের ওষুধ’। এনিয়ে কেন্দ্রকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের (এআইডিসিএফ) মতো ওষুধের দোকানদারদের সংগঠন। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ সরকার বলেন, ‘বড়ো বড়ো রাঘব বোয়ালদের ওষুধ ধরা পড়েছে বলে এখন এনএসকিউ বা নিম্নমানের বলছে। চুনোপুঁটিরা ধরা পড়লে এতক্ষণে স্পুরিয়াস বা ভেজাল ওষুধ বলে নির্দেশনামা বেরিয়ে যেত।’
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে প্রচারিত এই তালিকায় কী কী ধরনের ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হল? গুজরাতের আমেদাবাদের একটি নামজাদা দেশীয় সংস্থার অ্যাটরভাসটাটিন এবং ক্লোপিডোগ্রেলের একটি কম্বিনেশনের (হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবহৃত) নমুনা নিম্নমানের বলে জানানো হয়েছে। হাঁচি-কাশি-অ্যালার্জি, চোখ ও কানের সংক্রমণে ব্যবহৃত ফেনিরামাইনের নমুনাও গুণমান পরীক্ষায় নিম্নমানের বলে দেখা গিয়েছে। এটি তৈরি করেছে একটি বিখ্যাত ফরাসি বহুজাতিক সংস্থা। পেটে ক্র্যাম্প, পিরিয়ড পেইনের মতো তীব্র ব্যথায় ব্যবহৃত হয় মুম্বইস্থিত একটি নামজাদা সংস্থার সাইক্লোপাম। সেই ওষুধও এনএসকিউ। নামী সংস্থার অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেলের কম্বিনেশন (রক্ত পাতলা করার ওষুধ), সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইডের মতো অ্যান্টিবায়োটিক, গ্লিমেপেরাইড (সুগারের ওষুধ), ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি’র কম্বিনেশন, সোডিয়াম ল্যাকটেট ইঞ্জেকশনের মতো অপরিহার্য আইভি ইঞ্জেকশন, প্যান্টোপ্রাজোল ও ডোমপিরিডোনের মতো জনপ্রিয় গ্যাস-অম্বলের ওষুধের কম্বিনেশন, সাইপ্রোহেপটাডিনের মতো অ্যান্টি অ্যালার্জিক—কী নেই তালিকায়! উল্লেখযোগ্য বিষয় হল, প্রস্তুতকারক সকলেই ওষুধের বাজারে কেষ্টবিষ্টু সংস্থা।



