রক্তের অসুখ: এক ফোঁটাতেই সদ্যোজাতের জটিল রোগ নির্ণয়, উদ্বোধনে মোদি
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্যোজাতের থেকে সংগৃহীত মাত্র এক ফোঁটা রক্তপরীক্ষা করেই জানা যাবে সে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া বা অন্যকোনো রক্তের অসুখে আক্রান্ত কি না। ৪০ লক্ষ টাকা দামের এমনই আধুনিক একটি যন্ত্র পেল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দেশের দুই প্রান্তের দুটি হাসপাতালে রক্তের অসুখের আধুনিক গবেষণাগারের উদ্বোধন করেন। একটি হয়েছে মহারাষ্ট্রে, অন্যটি এনআরএস। এই অবসরে কেন্দ্রীয়  আদিবাসী কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় প্রায় ৫ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি পেল এনআরএস মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ। এর মধ্যে প্রথমে উল্লেখিত ড্রাই ব্লাড স্পট ক্যাপিলারি ইলেকট্রোফোরাসিস (ডিবিএস) ছাড়াও রয়েছে ১.২ কোটি টাকার সেঙ্গার সিকোয়েন্সি এবং ২.৫ কোটি টাকা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস) মেশিনও রয়েছে। সেঙ্গার সিকোয়েন্সির মেশিনের মাধ্যমে জিনের ছোটো ছোটো অংশ বোঝা সম্ভব। অন্যদিকে এনজিএস যন্ত্রটির মাধ্যমে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের অসুখসহ বিভিন্ন ধরনের রক্তের অসুখ এবং বিরল রোগ ঠিক কী ধরনের জিনের জন্য হয়েছে, তার সন্ধান করা সম্ভব হবে। রবিবার একথা জানান হেমাটোলজির প্রধান ডাঃ তুফানকান্তি দলুই। তিনি বলেন, বাংলার এই প্রথম কোনো সরকারি হাসপাতালে এমন যন্ত্র এল। সরকারি হাসপাতালের রোগীরা সম্পূর্ণ নিরখচায় এইসব যন্ত্রপাতিতে পরীক্ষার সুবিধা পাবেন। এদিন এনআরএসে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন এনএমওর এক অনুষ্ঠান হয়। ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রামদত্ত চক্রধর, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, এনএমও দক্ষিণবঙ্গের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাঃ অমিত বেরা  প্রমুখ। এদিন হেমাটোলজির গবেষণাগার উদ্বোধন অনুষ্ঠানেও ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, হেমাটোলজির নয়া যন্ত্রটি থেকে সরকারি হাসপাতালের রোগীদের পাশাপাশি যাতে বেসরকারি ক্ষেত্রের রোগীরাও উপকৃত হন, সেই ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে কম খরচে এই পরিষেবা তাঁদের দেওয়া যাবে। 

Advertisement