সংবাদদাতা, শিলিগুড়ি: গত বছরের তুলনায় এবার শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তা সত্ত্বেও ডেঙ্গুর ব্যাপক সংক্রমণের আশঙ্কা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে উত্তরবঙ্গের এই জেলা। স্বাস্থ্য আধিকারিকদের মতে, একাধিক প্রতিকূল পরিস্থিতি এবং প্রতিরোধ কর্মসূচিতে ঘাটতি থাকা সত্ত্বেও এ বছর ডেঙ্গু ২০২২ সালের মতো ভয়াবহ আকার নেয়নি। চলতি বছরে এখনও পর্যন্ত ২১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যানকে স্বস্তিদায়ক মনে করলেও আগামী বছর এর ঝুঁকি নিয়ে এখন থেকেই চিন্তিত স্বাস্থ্যদপ্তর।
জেলা স্বাস্থ্য আধিকারিকদের একাংশের মতে, ডেঙ্গু প্রতিরোধে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে বাড়ি বাড়ি সচেতনতা প্রচার, জমা জল পরিষ্কার, মশার লার্ভা শনাক্তকরণ এবং অন্যান্য প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করা প্রয়োজন। কিন্তু, এবার সেই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন থাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট কর্মীদের একাংশ নির্বাচনি কাজে ব্যস্ত ছিলেন। ফলে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি ও প্রচারে যথেষ্ট বিঘ্ন ঘটে।
এর পাশাপাশি শিলিগুড়ি পুরসভায় প্রশাসনিক অচলাবস্থাও পরিস্থিতিকে জটিল করে তোলে। নতুন সরকার গঠনের পর নির্বাচিত মেয়রের পদত্যাগ এবং পরবর্তী প্রশাসনিক পরিবর্তনের প্রভাব পুরসভার ধারাবাহিক ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে পড়েছে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ। শহরের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। নিকাশি নালা নিয়মিত পরিষ্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় জল জমে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
দার্জিলিং জেলার পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সিএমওএইচ-২ ডাঃ আনোয়ার হোসেন জানান, ডেঙ্গুর চরিত্র অনুযায়ী এবার জেলায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা ছিল। কারণ, সাধারণত তিন বছর অন্তর ডেঙ্গুর নতুন করে ব্যাপক আকার নেওয়ার প্রবণতা দেখা যায়। ২০২২ সালে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ৭০০’র বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারও আক্রান্ত ৫০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তার উপর বৃষ্টির ধরনেও পরিবর্তন দেখা গিয়েছে। দুই-তিন দিন বৃষ্টির পর দীর্ঘ বিরতি, আবার এক-দু’সপ্তাহ বাদে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে জল জমেছে। এত প্রতিকূলতার মধ্যেও সংক্রমণ প্রত্যাশার তুলনায় নিয়ন্ত্রণে থাকায় তার কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য আধিকারিকদের মতে, শীত পড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ কমতে শুরু করবে। তবে নতুন বছরের শুরু থেকেই আগাম প্রতিরোধ কর্মসূচিতে বাড়তি জোর দেওয়া জরুরি।



