হাওড়া জেলা হাসপাতালে ই-প্রেসক্রিপশনে সাড়া, এক মাসে ১৫০০ রোগীকে পরিষেবা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাঁপানির সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছেন এক বৃদ্ধ। সঙ্গে কয়েক বছর আগের একটি প্রেসক্রিপশন। সময়ের সঙ্গে সেই কাগজের লেখা অস্পষ্ট, কোথাও ছেঁড়াও। ফলে এতদিন কী কী ওষুধ খেয়েছেন, তা বুঝতে সমস্যায় পড়ছেন চিকিৎসক। রোগীর পুরানো চিকিৎসার ইতিহাস জানাও কঠিন হয়ে উঠছে। এবার এমন সমস্যার সমাধান হতে চলেছে। জেলার মধ্যে প্রথম হাওড়া জেলা হাসপাতালে চালু হয়েছে ই-প্রেসক্রিপশন পরিষেবা। গত এক মাসে বহির্বিভাগের প্রায় ১৫০০ রোগী এই পরিষেবার সুবিধা পেয়েছেন। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে জেলার সমস্ত সরকারি হাসপাতালে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement

আধুনিক চিকিৎসা পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ব্যবস্থার দিকে এই পদক্ষেপ। রোগীর আগের চিকিৎসা, চিকিৎসকের দেওয়া ওষুধের বিবরণ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট, সবই এবার ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকছে। ফলে ভবিষ্যতে রাজ্যের অন্য হাসপাতাল কিংবা দেশের অন্য প্রান্তে চিকিৎসা করাতে গেলেও রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য সহজেই পাওয়া যাবে। হাওড়া জেলা হাসপাতালের প্রধান চিকিৎসক শুভাশিস শি জানান, রাজ্য সরকারের নির্দেশে রোগীদের আধার সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছিল। মাত্র দু’মাসের মধ্যে ১০০ শতাংশ আধার সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। রোগীর নাম নথিভুক্ত করার সময় আধারের মাধ্যমে আভা স্বাস্থ্য পরিচয়পত্র তৈরির জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রত্যেকের জন্য তৈরি হচ্ছে পৃথক ডিজিটাল স্বাস্থ্য পরিচয় বা ইউনিক হেলথ আইডি।
এই আইডির সঙ্গেই যুক্ত থাকছে রোগীর ই-প্রেসক্রিপশন। চিকিৎসকরা অনলাইনে ওষুধের নাম ও চিকিৎসার পরামর্শ নথিভুক্ত করছেন। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও আপলোড করা হচ্ছে। ফলে অন্য হাসপাতালে চিকিৎসা করাতে গেলে পুরানো কাগজপত্র ঘাঁটতে হবে না। সংশ্লিষ্ট চিকিৎসকও রোগীর আগের চিকিৎসার বিবরণ দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। তবে এই পরিষেবার সম্পূর্ণ সুবিধা পেতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আভা কিংবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে রোগীরা নিজেদের চিকিৎসা সংক্রান্ত তথ্য, ওষুধের বিবরণ, পরীক্ষার রিপোর্ট দেখতে পারবেন।