নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ২৭টির মধ্যে ২৪টি জেলা-স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেই বদলি করে দিল স্বাস্থ্যভবন। হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর বাদে রাজ্যের জেলাস্তরের স্বাস্থ্য প্রশাসনের প্রায় সব শীর্ষকর্তাকে সরানো হয়েছে অন্যত্র। হয় অন্য জেলায়, নয়তো স্বাস্থ্যভবনে কম বা বেশি দায়িত্বের পদে আনা হয়েছে তাঁদের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কলকাতা লাগোয়া দুই জেলার চার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বদলি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ছাড়াও এই দুই জেলাস্থিত স্বাস্থ্য জেলা বসিরহাট ও ডায়মণ্ডহারবারের সিএমওএইচ বদলি হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই সিএমওএইচ ডাঃ মুক্তিসাধন মাইতি এবং ডাঃ জয়ন্তকুমার সুকুলকে দার্জিলিংয়ে (উত্তরবঙ্গ জোন) উপ স্বাস্থ্য অধিকর্তা পদে বদলি করা হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনার সিএমওএইচ ডাঃ সমুদ্র সেনগুপ্ত বদলি হয়েছেন স্বাস্থ্যভবনে। উত্তর ২৪ পরগনার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হয়েছেন ডাঃ দিব্যেন্দু কুমার চক্রবর্তী। বসিরহাটের নয়া সিএমওএইচ হয়েছেন ডাঃ নির্মাল্য রায়। সেখানে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হয়েছেন ডাঃ সুপ্রিয় চৌধুরি। ডায়মণ্ডহারবার স্বাস্থ্য জেলার দায়িত্বে এসেছেন ডাঃ বিশ্বজিৎ মণ্ডল। দীর্ঘদিন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক থাকা ডাঃ তুলসি প্রামাণিককেও জেলা থেকে সরানো হয়েছে। রদবদল হয়েছে মেডিকেল কলেজগুলিতেও। পিজি এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ডেপুটি সুপারদের সরিয়ে দেওয়া হয়েছে। বদল হয়েছে এম আর বাঙ্গুর, পাস্তুর ইনস্টিটিউট, লেডি ডাফরিনসহ শহরের একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালের শীর্ষপদেও।


