সংবাদদাতা, শিলিগুড়ি: দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে রদবদল করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার রাজ্যজুড়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে। সেই তালিকায় রয়েছেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক।
তাঁকে পদোন্নতি দিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস (এডিএইচএস) পদে কলকাতার স্বাস্থ্য ভবনে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দার্জিলিং জেলার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন হুগলি জেলার বর্তমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃগাঙ্কমৌলি কর।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে দার্জিলিং জেলার স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তুলসী প্রামাণিক। প্রথমে অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার পদে শিলিগুড়িতে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে ডেপুটি চিপ মেডিক্যাল অফিসার হন। এরপর দার্জিলিং জেলায় দায়িত্ব সামলানোর পাশাপাশি পদোন্নতি পেয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদে আসীন হন।
একাধিক পদোন্নতি সত্ত্বেও দীর্ঘদিন ধরে একই জেলায় তাঁর কর্মরত থাকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। অবশেষে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দার্জিলিং জেলা থেকে সরানো হল তাঁকে। নতুন পদোন্নতির পাশাপাশি স্বাস্থ্য ভবনে তাঁর এই বদলিকে স্বাস্থ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল বলেই মনে করা হচ্ছে। তুলসী প্রামাণিকের জায়গায় চিকিৎসক মৃগাঙ্ক মৌলি কর দায়িত্ব গ্রহণ করলে দার্জিলিং জেলার স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্বের অধীনে কাজ শুরু হবে।



