মণিরাজ ঘোষ, খড়্গপুর: প্ল্যাটিনাম জয়ন্তীবর্ষে নতুন ইতিহাস সৃষ্টি করল খড়্গপুর আইআইটি। এই প্রথম দেশের কোনো আইআইটিতে পড়ানো হবে এনএমসি (ন্যাশনাল মেডিক্যাল কমিশন) স্বীকৃত মেডিকেলের স্নাতকোত্তর ডিগ্রি (এমডি)। চলতি শিক্ষাবর্ষ (২০২৬-২০২৭) থেকে খড়্গপুর আইআইটির ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে ছ’টি বিভাগে এমডি পাঠক্রম চালু হচ্ছে। প্রতিটি বিভাগে দু’টি করে মোট ১২টি আসনে ভর্তি নেওয়া হবে। নিট পিজি ২০২৬-এর দ্বিতীয় দফার অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে এমডি কোর্সে ভর্তির সুযোগ মিলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর আইআইটির তরফে চিকিৎসা শাস্ত্রে পাঠরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সুখবর দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের তরফে এদিন জানানো হয়েছে, আপাতত জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি—এই ছ’টি বিষয়ে এমডি পাঠক্রম চালু হচ্ছে। প্রতিটি বিষয়ে ২টি করে আসন সংখ্যা। ভবিষ্যতে বিষয় ও আসনসংখ্যা দুই-ই বাড়বে। পাশাপাশি, অদূর ভবিষ্যতে এমবিবিএস ডিগ্রিও চালু হবে বলে জানিয়েছেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। এদিন সন্ধ্যায় তিনি এও জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য শুধু বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা নয়। চিকিৎসাবিদ্যার উৎকর্ষের সঙ্গে প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণার সমন্বয়ে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে নতুন দিশা দেখানো। আমরা ভবিষ্যতে চিকিৎসাবিদ্যাকে অনুসরণ করতে নয়, বরং তার রূপরেখা তৈরি করতে চাই।’ তাঁর সংযোজন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। দেশে একমাত্র আমাদের আইআইটি-ই মেডিকেল পরিকাঠামোর দিক দিয়ে এত উন্নত। সেটাকেই কাজে লাগিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছি।’
১৯৫১ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট রেল শহর খড়্গপুরে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম আইআইটি। উদ্যোগ নিয়েছিলেন বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়। আর এক বাঙালি তথা খড়্গপুর আইআইটির বর্তমান অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তীর হাত ধরে সৃষ্টি হল নয়া ইতিহাস। ২০২৫ সালের জুন মাসে ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই খড়্গপুর আইআইটিতে মেডিক্যাল কলেজ চালু করার বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন তিনি। দেশের প্রাচীনতম এই আইআইটি চত্বরেই রয়েছে ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার। চলতি বছরের জুলাই মাসে সেখানে চালু হয় বিসি রায় মেডিক্যাল স্কুল। বর্তমান রাজ্য সরকারের তরফে মেডিক্যালের কোর্স পড়ানোর প্রাথমিক ছাড়পত্রও দেওয়া হয়। তারপরই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছে এমডি ডিগ্রি পড়ানোর অনুমোদন চাওয়া হয়। বৃহস্পতিবারই অনুমোদন দেওয়া হয়। ভরতির সরকারি পোর্টালেও খড়্গপুর আইআইটির নাম নথিভুক্ত হয়। খড়্গপুর আইআইটির তরফে এদিন জানানো হয়েছে, চিকিৎসা শিক্ষার সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণার মেলবন্ধন ঘটানোই তাঁদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।



