বারুইপুর মহকুমা হাসপাতালে হচ্ছে লিকুইড অক্সিজেন প্লান্ট
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে ১১০০ হাজার টনের লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ চলছে জোরকদমে। ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার ডঃ সুপর্ণকান্তি হালদার বলেন, একটি বেসরকারি সংস্থা এই কাজ করছে। ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে রোগীরা অনেক উপকৃত হবেন। কারণ সরবরাহে কোনো ঘাটতি থাকবে না, আর অক্সিজেন রোগীর কাছে পৌঁছে যাবে অনেক দ্রুত।

Advertisement

প্রসঙ্গত, বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট আছে। ওই পিএসএ প্লান্টে অক্সিজেন সিলিন্ডারে গ্যাস ভরে তবেই সরবরাহ হত। বারুইপুর মহকুমা হাসপাতালে যে অক্সিজেন প্লান্ট নির্মিত হচ্ছে, সেখানে সরাসরি উৎপন্ন অক্সিজেন পাইপের মাধ্যমে গোটা হাসপাতালে সরবরাহ হবে। বারুইপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল সুন্দরবনের কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে জয়নগর, বারুইপুর, সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট এলাকার মানুষজন। প্রতিদিনই থাকে রোগীর চাপ। এক রোগীর আত্মীয় কাজল হালদার বলেন, হাসপাতালে আর অক্সিজেনের জন্য রোগীদের কোনো সমস্যায় পড়তে হবে না। দ্রুত এই প্লান্ট চালু হোক, এটাই চাই। এক এলাকাবাসী স্বরূপ ঘোষ বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে যে অক্সিজেন প্লান্ট আছে, তাতে বিকট শব্দে আশপাশের মানুষের সমস্যা হত। নতুন প্লান্টে তেমন কোনো শব্দ হবে না বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এই প্লান্ট হওয়া দরকার ছিল।