সংবাদদাতা, ইসলামপুর: ওয়ার্ডে শয্যা খালি না থাকায় বারান্দায় শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে রোগীদের। রোগীর সংখ্যা একটু বাড়লেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই বিভিন্ন মহল থেকে বহু দিন ধরেই শয্যা সংখ্যা বৃদ্ধির দাবি উঠেছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নি। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুসারে মহকুমা হাসপাতালে ২০০টি শয্যা থাকে। ইসলামপুরেও ২০০ শয্যা আছে। কিন্তু রোগীর সংখ্যা তার চেয়ে বেশি হচ্ছে। তাই বারান্দাতেই রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতাল সুপার নিসার শা বলেন, মহকুমা হাসপাতালে ২০০ শয্যা হয়। এখানেও তা আছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দায় চিকিৎসা চলছে। মহকুমা হাসপাতাল থেকে চক্ষু ও দন্ত বিভাগ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থনান্তর করার বিষয়ে ভাবা হচ্ছে। এটা করা হলে মহকুমা হাসপাতালের উপর থেকে চাপ কিছুটা কমবে।
স্থানীয়রা বলছেন, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, ডালখোলা ও করণদিঘি এলাকার বহু রোগী ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সংলগ্ন বিহার থেকে অনেকে এখানে চিকিৎসা করাতে আসেন। জাতীয় সড়কে দুর্ঘটনায় জখমদের এখানে আনা হয়। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। হাসপাতালে একাধিক নতুন ওয়ার্ড চালু হলেও জেনারেল ওয়ার্ডে বেডের সংখ্যা বৃদ্ধি হয়নি।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বিজেপির এক প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন। পরিষেবা উন্নত করা ও চিকিৎসকেরা যাতে নিয়মিত আসেন সেই সমস্ত বিষয়ে আলেচনা করেছিলেন। সাধারণ মানুষও আশাবাদী যে, নতুন সরকার বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাবে। বিজেপির টাউন মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায় ওরফে পাখি বলেন, শুক্রবারই হাসপাতালে গিয়ে শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে কি করা যায় সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।



