সামনের সপ্তাহ থেকে ডাক্তারদের  নথি যাচাইয়ে নামছে স্বাস্থ্যদপ্তর
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সামনের সপ্তাহ থেকেই চিকিৎসকদের নথি যাচাই পর্ব শুরু হচ্ছে। বিশেষ করে যাঁরা ভিনরাজ্য বা অন্য দেশ থেকে ডাক্তারি পড়ে এসেছেন, তাঁদের নথি যাচাইয়ের জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে। ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত সমস্ত চিকিৎসককে নোটিস করা হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পাশাপাশি ‘ভুয়ো’ নার্সিংহোম চিহ্নিত করতেও আধিকারিকরা ময়দানে নামছেন। বহু নার্সিংহোম বৈধ নথি ছাড়া চলছে। পরিকাঠামোও ঠিকঠাক নেই। ওই সমস্ত নার্সিংহোমের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত নার্সিংহোমেই আধিকারিকরা পরিদর্শন শুরু করবেন।

Advertisement

এক আধিকারিক বলেন, ভুয়ো চিকিৎসকদের একটি তালিকা দপ্তরে রয়েছে। তার বাইরে আর কোনো ভুয়ো চিকিৎসক রয়েছে কি না, সেটাও দেখা হবে। এরাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলি থেকে যাঁরা পাশ করেছেন তাঁদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিহার বা অন্য রাজ্য থেকে ডাক্তারি পড়ার নথি এনে যাঁরা মেডিকেল কাউন্সিলে জমা করেছেন তাঁদের অনেকেই সন্দেহের তালিকায় রয়েছেন। পাঁচজন ভুয়ো চিকিৎসকের রেজিস্ট্রেশন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। প্রতিটি জেলার স্বাস্থ্যদপ্তরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির দাবি, তৃণমূল জমানাতেই ভুয়ো ডাক্তারের রমরমা বাড়ে। এলাকায় তারা যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিল। আসল চিকিৎসকদের অনেকেই তাদের সমঝে চলতেন। বিজেপি নেতা অনীশ দাস বলেন, ভুয়ো চিকিৎসকদের হাতে বহু রোগীর প্রাণ গিয়েছে। আগের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তৃণমূল নেতাদের চাঁদা দিয়ে তারা রক্ষা পেয়েছে। কিন্তু, এখন সেই দিন নেই। সরকার পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করতেই ভুয়োরা চম্পট দিয়েছে। কেউ কেউ অবশ্য এখনও চিকিৎসা করছে। তারা ভাবছে, রেহাই পেয়ে যাবে। কিন্তু তাদের ধারণা ভুল। 
কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, স্বাস্থ্যদপ্তর এতদিন কেন হাত গুটিয়ে বসেছিল সেটাই বোঝা যাচ্ছে না। সংবাদ মাধ্যম ভুয়ো ডাক্তার নিয়ে সোচ্চার না হলে এখনও তারা অধরা থেকে যেত। আদৌ এই সরকার তাদের বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ নেবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এই সরকারের মন্ত্রীরা মুখে অনেক কথা বলছেন। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো কিছু বাস্তবায়িত হয়নি। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, আমরাও চাই, ভুয়ো চিকিৎসকরা ধরা পড়ুক। তাদের যারা প্রশয় দিয়েছিল তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হোক। আমাদের দল কখনোই এসব সমর্থন করেনি।