আজ থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চালু  নাইট শেল্টার ভবন
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ শুক্রবার থেকে চালু হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাইট শেল্টার ভবন। দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের সদস্যদের হাসপাতালের চত্বর কিংবা করিডোরে রাত কাটাতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে নাইট শেল্টারে রাত্রিবাসের সুযোগ মিলবে। হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন, শুক্রবার থেকে নাইটসেল্টার ভবন চালু হচ্ছে। ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের সদস্যরা রাতে থাকতে পারবেন।

Advertisement

ঝাড়গ্রাম শহরের মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রয়েছে চারতলা  নাইট শেল্টার ভবন। ২০১৯ সালে কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। একশো শয্যার পাশাপাশি ক্যান্টিনের পরিকাঠামোও তৈরি করা হয়েছিল। এক সময় সেটি করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। ২০২২ সাল থেকে সেটি বন্ধ অবস্থায় পড়েছিল। দাবি মেনে নাইট সেল্টার ভবনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অরণ্য অধ্যুষিত জেলার অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে মেল মেডিক্যাল, মেল সার্জিক্যাল, ফিমেল মেডিক্যাল, ফিমেল সার্জিক্যাল, শিশু বিভাগ, প্রসূতিদের তিনটি বিভাগ, এনএসসিইউ, সিসিইউ-সহ মোট ১৪টি বিভাগ রয়েছে। রোগীদের জন্য ছ'শো  বেড রয়েছে। চিকিৎসার জন্য নয়াগ্রাম, জামবনি, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, লালগড় সহ জেলার বিভিন্ন  প্রান্ত থেকে বহু মানুষ আসেন। এমনকি  ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন। পরিবারের সদস্যদের রাত কাটানোর জন্য এতদিন  উপযুক্ত ব্যবস্থা ছিল না। জরুরি বিভাগের সামনের করিডোরের মেঝেতে কিংবা খোলা চত্বরে রাত কাটাতে হতো। অনেকে মশারি টাঙিয়ে রাত কাটাতেন। ঝড়-বৃষ্টি কিংবা শীতের রাতে দুর্ভোগে পড়তে হতো। দীর্ঘদিন ধরে নাইট শেল্টার ভবন চালুর দাবি জানিয়ে আসছিলেন রোগীর পরিজনেরা। রাজ্যে পালা বদলের পর নাইট শেল্টার চালুর জন্য উদ্যোগী হন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য তথা বিনপুরের বিধায়ক চিকিৎসক প্রণত টুডু ও ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। শুক্রবার থেকে ভবনটি চালু হতে চলেছে। আপাতত ভবনের দু’টি হলঘরে রোগীর পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। একটি শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে।বেলপাহাড়ির বাসিন্দা সুশান্ত বিদ এদিন বলেন, দু'দিন ধরে স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। ওর সঙ্গে মা রয়েছে। কখন কী প্রয়োজন হয়, সেই কারণে হাসপাতালে থাকতে হচ্ছে। রাতে হাসপাতাল চত্বরে ত্রিপল বিছিয়ে শুয়ে থাকি। মশার কামড়ে ঘুম হয় না। শুক্রবার থেকে নাইট শেল্টার চালু হবে বলে খবর পেলাম। এবার আর খোলা জায়গায় রাত কাটাতে হবে না। বিনপুরের বিধায়ক চিকিৎসক প্রণত টুডু বলেন, স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এদিন বৈঠক হয়েছে। আপাতত দুটি হলঘরে রোগীর পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। একটি শৌচালয় রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। 
 পরিদর্শনে বিনপুরের বিধায়ক প্রণত টুডু। নিজস্ব চিত্র