নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কার্যত অচল হয়ে পড়েছিল হাওড়ার একমাত্র রেড ক্রস পরিচালিত শিশু হাসপাতাল। হাসপাতালের পরিচালন কমিটির একাংশের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গিয়েছিল চিকিৎসা পরিষেবা। প্রায় পাঁচ মাস বেতন পাননি হাসপাতালের কর্মীরাও। এই পরিস্থিতিতে হাসপাতালটি পুনরায় চালুর দাবিতে সরব হয়েছিলেন বহু মানুষ। অবশেষে প্রায় ছ’মাসের অচলাবস্থা কাটিয়ে শুক্রবার নতুন রূপে পথচলা শুরু করল হাওড়া ময়দানের রেড ক্রস শিশু হাসপাতাল। শুধু ইনডোর ও আউটডোর পরিষেবা নয়, এবার অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ) সুবিধাও মিলবে এখানে। স্বল্প খরচে মা ও শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করাই নতুন পরিচালন কমিটির লক্ষ্য।
শুক্রবার হাসপাতালের নতুন করে পরিষেবা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই সহ তিন বিধায়ক, জেলাশাসক, সদরের মহকুমা শাসক, হাওড়া পুরসভার কমিশনার, পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজয় চক্রবর্তী এবং হাসপাতালের নতুন পরিচালন কমিটির সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, মা ও শিশুর চিকিৎসার জন্য ধারাবাহিকভাবে প্রায় ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক পরিষেবা দেবেন। গত দু’মাস ধরে হাসপাতালের প্রতিটি বিভাগের পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। আধুনিকীকরণ করা হয়েছে অপারেশন থিয়েটারও। হাসপাতালের ইনডোর বিভাগে শিশুদের জন্য থাকছে কেবিন সহ মোট ১৯টি শয্যা। গর্ভবতী মায়েদের জন্য রয়েছে তিনটি শয্যা। পাশাপাশি নবজাতকদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে পাঁচটি এনআইসিইউ বেড। হাসপাতালের নতুন কমিটির চেয়ারম্যান ডাঃ বিজয় ওঝা জানান, আগামী দিনে ধাপে ধাপে এমআরআই সহ আরও একাধিক আধুনিক চিকিৎসা পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি ডিসপেনসারিও চালু করা হবে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে পুর প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘সরকার পরিবর্তনের পর কিছু মানুষের রাজনৈতিক চক্রান্তে হাসপাতালটি প্রায় বন্ধ হতে বসেছিল। হাওড়ার প্রাক্তন পুর প্রশাসক, জেলাশাসক আমাকে হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগী হতে বলেন। সকলের সহযোগিতায় ফের পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।’ প্রসঙ্গত, ২০১৮ সালে পথচলা শুরু হয় রেড ক্রস পরিচালিত এই শিশু হাসপাতালের। পরবর্তীতে চালু হয় ইনডোর বিভাগ। কিন্তু চলতি বছরে পুরানো পরিচালন কমিটির একাংশের মধ্যে দ্বন্দ্বের কারণে অ হাসপাতালের গেটে তালা পড়ে।
দীর্ঘ পাঁচ মাস বেতন না পেয়ে সমস্যায় পড়েন হাসপাতালের কর্মীরা। নতুন পরিচালন কমিটি সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চালুর পাশাপাশি কর্মীদের বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার প্রাক্তন পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘রেড ক্রস পরিচালিত রাজ্যের একমাত্র শিশু হাসপাতাল এটি। গত কয়েক মাস বহু মানুষ তাঁদের শিশুদের চিকিৎসা করাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন। আগামী দিনে এই হাসপাতাল যেন রাজ্যের অন্যতম বড়ো শিশু হাসপাতালে পরিণত হতে পারে।’



