বেসরকারি হাতে বন্দর কর্তৃপক্ষের হাসপাতাল
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি) কর্তৃপক্ষের নিজস্ব হাসপাতালটি বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আজ শনিবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বেসরকারিকরণ হলেও বন্দর কর্তৃপক্ষের বর্তমান কর্মী-অফিসার এবং অবসরপ্রাপ্ত কর্মী-অফিসাররা এখানে আগের মতোই চিকিৎসা পরিষেবা পাবেন। মাঝেরহাট এলাকায় ডায়মন্ডহারবার রোডের কাছে ১১ একর জমির এই হাসপাতালটি অবস্থিত। বন্দর কর্তৃপক্ষ অনেক বছর ধরেই এটি চালিয়ে আসছেন। হাসপাতালটিকে বেসরকারি পরিচালনায় দেওয়ার জন্য কয়েকবছর যাবৎ চেষ্টা চলছিল। এই ব্যাপারে টেন্ডারও ডাকা হয়। তাতে অংশ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ বছরের লিজে হাসপাতালটি চালানোর দায়িত্ব পেয়েছে। বন্দরের হাসপাতালটি ১০৪ বেডের। বেসরকারি সংস্থা ভবিষ্যতে বেডের সংখ্যা এবং চিকিৎসা পরিকাঠামো বাড়াবে বলেছে। বন্দর কর্তৃপক্ষের অধীনে এই হাসপাতালে যেসব ডাক্তার ছিলেন তাঁদের মধ্যে ২৫ জন্য বেসরকারি হাসপাতালের হয়েও কাজ করবেন। অন্যদিকে, বন্দর কর্তৃপক্ষেরও পাঁচজন ডাক্তার এই হাসপাতালে থাকবেন এবং তাঁদের বেতন দেবেন বন্দর কর্তৃপক্ষ। তাঁরা মূলত বন্দর কর্মীদের চিকিৎসা পরিষেবা দেবেন। স্থায়ী নার্স এবং অন্যান্য কর্মীদের অন্যত্র কাজে লাগাবেন বন্দর কর্তৃপক্ষ।  তবে বন্দরের শ্রমিক সংগঠন এনইউডব্লুডব্লুর (আই) সাধারণ সম্পাদক অসীম সূত্রধর অভিযোগ করেছেন, চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ৬ মাসের বেতন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যবস্থার প্রতিবাদ করলেও তা শোনা হয়নি। তাঁর বক্তব্য, নতুন কর্তৃপক্ষ চাইলে তাঁদের কাউকে রাখতে পারেন। 

Advertisement