নয়াদিল্লি: আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের ঢাক পেটানোর শেষ নেই। এরইমাঝে হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারতের সুবিধা, প্যাকেজ সিস্টেম নিয়ে ক্রমে অসন্তোষ দেখা দিচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের প্যাকেজ সংস্কারের দাবিতে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সংগঠন। এবার আরও বড়ো ধাক্কা খেতে চলেছেন প্রকল্পের উপভোক্তারা। সব ঠিক থাকলে ১ ডিসেম্বর থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ১১২টি চিকিৎসার প্যাকেজের সুবিধা মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালেই। বেসরকারি হাসপাতালে গেলে আর এই সুবিধা মিলবে না। এমনই প্রস্তাব দিয়েছে ন্যাশনাল হেল্থ অথরিটি। এনিয়ে স্টেট হেল্থ অথরিটিকেও লিখিতভাবে জানানো হয়েছে। আগে ২৩ টি চিকিৎসা প্যাকেজের সুবিধা মিলত শুধুমাত্র সরকারি হাসপাতালেই। নতুন করে আরও ৮৯টি প্যাকেজ যুক্ত হচ্ছে। এক্ষেত্রে জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, স্ত্রীরোগ, নাক-কান-গলার একাধিক রোগের চিকিৎসা করা হবে। বিরোধীদের একাংশের কথায়, এই সিদ্ধান্তের জেরে চিকিৎসা করানোর ক্ষেত্রে বিকল্প কমবে। সাধারণ মানুষ বিপাকে পড়বে। একের পর এক স্বপ্ন দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এখন দায় এড়ানোর চেষ্টা করছে।


