জাপানে দেশের মুখ উজ্জ্বল করলেন ঘাটালের অস্থিরোগ বিশেষজ্ঞ অর্ণব
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: জাপানের আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে বক্তৃতা দিয়ে দেশের পাশাপাশি নিজের জন্মস্থানের মুখ উজ্জ্বল করলেন ঘাটালের ভূমিপুত্র তথা বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর অর্ণব কর্মকার। তাঁর এই বিরল কৃতিত্বে রীতিমতো উচ্ছ্বসিত গোটা মহকুমাবাসী। জানা গিয়েছে, গোটা ভারত থেকে মাত্র এগারোজন চিকিৎসক এই আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত বক্তা হিসেবে ডাক পেয়েছিলেন। তাঁদেরই অন্যতম হলেন ঘাটাল শহরের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্ণববাবু। চিকিৎসাবিজ্ঞানের এই বিশ্বমঞ্চে তাঁর ডাক পাওয়ার ঘটনা ঘাটাল তথা গোটা রাজ্যের চিকিৎসা মহলের কাছে এক অত্যন্ত গর্বের বিষয়।

Advertisement

গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাপানের নারা শহরের নারা প্রিফেকচারাল কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছে ‘সপ্তদশ কনমেড লিনভাটেক এশিয়া আর্থ্রোস্কোপি সিম্পোজিয়াম’ বা ‘ক্লাস ২০২৬’। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি এই মেগা চিকিৎসা সম্মেলনে যোগদান করেছেন। মূলত হাঁটু ও কাঁধের মাইক্রোসার্জারি বা আর্থ্রোস্কোপি নিয়েই এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার এই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ‘এমপিএফএল রিকনস্ট্রাকশন’ বিষয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখেন অর্ণববাবু। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিশিষ্ট চিকিৎসকদের সামনে তাঁর এই সারগর্ভ বক্তৃতা উপস্থিত সকলের উচ্চ প্রশংসা কুড়িয়েছে বলে জানা গিয়েছে।
অর্ণববাবুর এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর দীর্ঘ এবং উজ্জ্বল শিক্ষাজীবন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এমবিবিএস পাঠক্রম শেষে তিনি কলকাতার আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতাল থেকে এমএস অর্থোপেডিক সার্জারি শুরু করেন। ২০১৩ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। এরপর ২০১৫ সালে ডিএনবি এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি থেকে আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেন তিনি। ২০১৬ সালে এমসিএইচ ডিগ্রি লাভের পর ২০২১ সালে তিনি আইওএ ট্রাভেলিং ফেলো হিসেবেও মনোনীত হন। গত ২০২৫ সালের নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিওল থেকে অ্যাডভান্সড শোল্ডার আর্থ্রোস্কোপি বিষয়ে বিশেষ প্রশিক্ষণও নেন তিনি। কর্মজীবনে কলকাতার এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব সামলানোর পর, বর্তমানে তিনি আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজের অস্থিরোগ বিভাগের প্রধান তথা প্রফেসর হিসেবে কর্মরত। তাঁর এই ধারাবাহিক সাফল্য এবং পেশাগত জীবনের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ঘাটাল জুড়ে।