গঙ্গাসাগরে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত হবেন ৯৫৩ জন
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি সরকারের উদ্যোগে ২০২৭ সালে গঙ্গাসাগর মেলার বহর বাড়ছে, সেটা আগেই ঘোষণা হয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে স্বাস্থ্য ব্যবস্থাও পরিবর্তন হচ্ছে। মেলায় নিয়োগ করা হচ্ছে আরও ডাক্তার-নার্স সহ স্বাস্থ্যকর্মী। বেডের সংখ্যা বাড়ছে। বাড়ানো হবে অ্যাম্বুলেন্স ও অন্যান্য পরিষেবাও। আসন্ন মেলায় পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জলের বিশুদ্ধকরণের উপর জোর দেবে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও খাবার পরীক্ষার জন্য তিনটি ভ্রাম্যমাণ গাড়ি থাকছেই। দোকান, স্টল এবং বিভিন্ন লঙ্গরখানা থেকে খাবারের নমুনা সংগ্রহ করে অন স্পট পরীক্ষা করবেন ফুড সেফটি অফিসাররা। মান খারাপ বেরলেই বাজেয়াপ্ত করা হবে সেই 

Advertisement

সব খাবার। 
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার মেলার জন্য ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়ে ৯৫৩ জনকে নিযুক্ত করা হবে। যা গতবার ছিল সাড়ে সাতশোর মতো। আগেরবার শয্যার সংখ্যা ছিল প্রায় ৪০০। এবার সেটা বেড়ে হচ্ছে ৬৪৯। ১০০-র বদলে ১০৭টি অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে। অস্থায়ী হাসপাতালের সংখ্যা অপরিবর্তিত থাকছে। এবারও পাঁচটি এই হাসপাতাল হবে। জানুয়ারি মাসের শুরু থেকেই খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা সাগরে ঘুরবেন। দোকানদারদের থেকে খাবার নিয়ে পরীক্ষা করবেন। যাঁদের লাইসেন্স বা সার্টিফিকেট নেই তাঁদের সেটা নেওয়ার জন্য চাপ দেওয়া হবে। এর বাইরে ৮টি ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি ঘুরবে দ্বীপে। বাবুঘাট থেকে সরাসরি সাগর পর্যন্ত একাধিক বড়ো সরকারি হাসপাতালে পুণ্যার্থীদের জন্য একটা নির্দিষ্ট সংখ্যার শয্যা সংরক্ষিত থাকবে।