Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে বন্ধ পোশাক কারখানা, কাজ হারালেন কয়েকশো কর্মী

পুজোর আগে বন্ধ হয়ে গেল পোশাক তৈরির কারখানা। কর্মহীন হয়ে পড়লেন কয়েকশো কর্মী। কারখানাটি রয়েছে বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকায়।

বসিরহাটে বন্ধ পোশাক কারখানা,  কাজ হারালেন কয়েকশো কর্মী
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: পুজোর আগে বন্ধ হয়ে গেল পোশাক তৈরির কারখানা। কর্মহীন হয়ে পড়লেন কয়েকশো কর্মী। কারখানাটি রয়েছে বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা সংলগ্ন আটাপাড়া এলাকায়। শুক্রবার সেটি বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধের জেরে শুধু কর্মরত শ্রমিকরাই নন পরোক্ষভাবে কারখানার উপর নির্ভরশীল প্রায় কয়েকশো পরিবারের সংসারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুর্গাপুজোর আগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরেই ওই কারখানায় কয়েকশো শ্রমিক কাজ করেন। সম্প্রতি কারখানার কয়েকজন উচ্চপদস্থ কর্মচারীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। যার জেরে কারখানার মালিক বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে শ্রমিকদের দাবি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এক ধাক্কায় কাজ হারিয়েছেন বহু শ্রমিক। তাঁদের বক্তব্য, কারখানার উপার্জনের উপর নির্ভর করেই সংসার চলত। পাশাপাশি কারখানাকে কেন্দ্র করে পরিবহণ, ছোটো ব্যবসাসহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বহু পরিবারের রোজগার নির্ভর করত। ফলে কারখানা বন্ধের প্রভাব সরাসরি এবং পরোক্ষভাবে বহু পরিবারের উপর পড়েছে। সামনেই দুর্গাপুজো, তার আগে কাজ হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর দাবিতে প্রথমে আটাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে তাঁরা মাটিয়া থানায় গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শ্রমিকদের দাবি, দ্রুত কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কারখানা বন্ধের ফলে যে শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেই সমস্যারও দ্রুত সমাধান করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ