নিজস্ব প্রতিনিধি, বারাসত: পানিহাটিতে ফের অশান্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বাজারের ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন অরূপ সাহা নামে এক ব্যক্তি। অভিযোগ, তাঁকে বুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ।
বিধায়িকা জানিয়েছে, রুমা নামে এক মহিলা বাজারে গোলমাল থামাতে গেলে তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানালে অরূপ সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপরই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয় অরুপের। অন্যদিকে এই ঘটনায় রাজদীপ-সহ একাধিক ব্যক্তির নাম সামনে এনেছেন বিধায়িকা রত্না দেবনাথ। বিজেপির যুব সভাপতি রাজদীপের পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। বিধায়িকা রত্না দেবনাথ সরাসরি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, প্রতিটি ওয়ার্ডে কনভেনার নিয়োগ করে দলীয় সমন্বয় নষ্ট করা হচ্ছে। তাঁর দাবি তৃণমূল থেকে আসা ব্যক্তিরাই দলে বেশি গুরুত্ব পাচ্ছেন এবং তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রত্না দেবনাথ। তিনি জানান, অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। রুমার পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ।



