নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাম—নিক রাজপুত! প্রোফাইল পিকচার বা ডিপিতে রাজপুত্রের মতো চেহারা। গলার আওয়াজ ব্যারিটোন। পাবজি (বর্তমানে বিজিএমআই) অনলাইন গেমে মহিলা খেলোয়াড় মহলে তুমুল জনপ্রিয়তা। এসব দেখেই মোহিত হয়েছিলেন বরানগরের ডানলপ মোড়ের বাসিন্দা অঞ্জলি সাউ। অসুস্থতার সময় মন্দিরে যাওয়া ও তুকতাক করার পরামর্শ দিয়ে তাঁর মন জিতে নিয়েছিল সেই নিক। কিন্তু বাস্তবে সে যে দিল্লির সামান্য একজন ‘কাঠমিস্ত্রি’ এবং ‘পাতাখোর’ চেহারার ধরমবীর কুমার, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি যুবতী অঞ্জলি। মঙ্গলবার দুপুরে বরানগরে দিদি-জামাইবাবুর ফ্ল্যাটে কঠোর বাস্তবের মুখোমুখি হতেই তাঁর মোহভঙ্গ হয়। বচসাও বাধে দু’জনের। তাতেই ক্ষিপ্ত হয়ে অঞ্জলির উপর নৃশংস অত্যাচার চালায় ধরমবীর। মাথা ঠুকে খুন করে ওই যুবতীকে। বরানগর কাণ্ডে ধরমবীরকে গ্রেপ্তার করার পর জেরায় সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তকারীদের প্রশ্নের মুখে বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ধৃত মূল অভিযুক্ত।
গত মঙ্গলবার বিকেলে বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনে দিদির ফাঁকা ফ্ল্যাটে খুন হন ২৭ বছর বয়সি অঞ্জলি সাউ। খোয়া যায় তাঁর স্মার্টফোনও। খুনের ২৪ ঘণ্টার মধ্যে সেই মোবাইল থেকে অঞ্জলির বাবা ও মামাতো দাদার কাছে মেসেজ আসতে শুরু করেছিল। ফোন এসেছিল মায়ের কাছেও। তা নিয়ে রহস্য জমাট হচ্ছিল। যদিও বৃহস্পতিবার রাতে দিল্লির আনন্দবিহার স্টেশন চত্বর থেকে পুলিশ পাকড়াও করে মূল অভিযুক্ত ধরমবীরকে। দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়ার পর শুক্রবার গভীর রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। শনিবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ধরমবীরকে একপ্রস্থ জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের প্রশ্নের মুখে বারবার বয়ান বদল করেছে সে। নিজেকে ভালোমানুষ সাজানোর চেষ্টাও করেছে। তবে তদন্তকারীরা জেনেছেন, ধৃত ধরমবীর কানপুরের একটি গ্রামের বাসিন্দা। দিল্লিতে কাঠমিস্ত্রির কাজ করত। অনলাইন গেমের প্রোফাইলে নিজের নাম রেখেছিল ‘নিক রাজপুত’। তার প্রোফাইল ছবি ছিল রাজপুত্রের মতো। এমনকি, নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে গলার স্বরও বদলে ‘ব্যারিটোন ভয়েস’ বানিয়ে ফেলে সে। আসল পরিচয় গোপন করে নিক রাজপুত হিসাবেই গেমিং অ্যাপে অঞ্জলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যায়। দুর্বলতার জায়গা থেকে নিজের শারীরিক অসুস্থতা, ঠাকুরের প্রতি ভালোবাসা সহ নানান তথ্য তাকে জানান বরানগরের ওই যুবতী। ভালোমানুষের মুখোশ পরে ধরমবীরও শিব সহ বিভিন্ন মন্দিরে তাঁকে পুজো দেওয়ার পরামর্শ দিয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত যে, বরানগরের ফ্ল্যাটে ধরমবীরকে দেখে মোহভঙ্গ হয় অঞ্জলির। সে এই প্রতারণার প্রতিবাদ জানায়। অনলাইন গেম নিয়েও বচসা শুরু হয়। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ধরমবীর। দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অঞ্জলির মাথা দেওয়ালে সজোরে ঠুকে দেয় ধরমবীর। তাতে মাথার খুলিতে ফাটল ধরে। অঞ্জলির মুখে ঘুষিও মারে সে। যুবতীর ঠোঁট ফেটে রক্ত ঝরছিল। তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হয়। অঞ্জলির মৃত্যু নিশ্চিত করতে শেষপর্যন্ত গলায় ওড়না ফাঁস দিয়ে শ্বাসরোধ করেছিল ধরমবীর। অঞ্জলিকে ধর্ষণ করা হয়েছে, সেব্যাপারেও নিশ্চিত পুলিশ। তবে তা খুন করার আগে নাকি পরে, সেই তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।



