একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ: ডিসেম্বরের গোড়াতেই কাউন্সেলিং শুরু করতে চায় এসএসসি
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরুর ইঙ্গিত মিলল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে। শনিবার এসএসসির এক কর্তা বলেন, ‘ডিসেম্বরের গোড়াতেই উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত, এই স্তরে মোট ১২,৪৫৫টি শূন্যপদ রয়েছে। নভেম্বরের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হচ্ছে। তারপর শুরু হবে কাউন্সেলিং। সেখানে হবে স্কুল বাছাই প্রক্রিয়া। তারপরে এসএসসির সুপারিশের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে প্রার্থীদের। তা নিয়ে নিজেদের বাছাই করা স্কুলে যোগ দিতে পারবেন তাঁরা। অর্থাৎ, নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলের এই প্রথম ফের নিয়োগের দরজা খুলতে চলেছে।

Advertisement

নবম-দশম শ্রেণির ২৩ হাজার ২০৯টি আসন পূরণ করার জন্য প্রায় ৪০ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁদের ইন্টারভিউয়ের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। তবে ওবিসি সংক্রান্ত নথি যাচাই করে দ্রুতই এই প্রক্রিয়া শুরু করতে চায় এসএসসি। শিক্ষক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা রয়েছে আগামী বছরের ৩১ মে পর্যন্ত। পাশাপাশি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে শিক্ষাকর্মী নিয়োগের পর্ব। এক্ষেত্রে প্রায় সাড়ে আট হাজার পদের জন্য প্রায় ৩৮ হাজার প্রার্থীকে ডাকা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউতে। কম্পিউটার পরীক্ষা অবশ্য শুধুমাত্র গ্রুপ সি প্রার্থীদের জন্য। গ্রুপ ডি প্রার্থীদের শুধু ইন্টারভিউ হবে।
শিক্ষকদের মতোই শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এক তৃতীয়াংশের বেশি প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাননি বলে অভিযোগ। এর পরে ইন্টারভিউয়ে বাদ পড়তে পারে আরও নাম। ফলে চাকরিহারা প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। শিক্ষাকর্মী এবং শিক্ষকরা এনিয়ে ফের সরকারের কাছে দরবার করতে চলেছেন। চাকরিহারাদের একটি মঞ্চ ৩১ নভেম্বর বিধানসভা অভিযানের ডাকও দিয়েছে। তবে এতে চাকরিহারাদের ভাগ্যের শিকে ছিঁড়বে কি না, তা ভবিষ্যৎই বলবে।