তোলাবাজি চলছেই, আক্ষেপ অর্থমন্ত্রীর, এই মোডে চললে সুইচড অফ, বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তর
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: ক্ষমতায় সবে সাতমাস। এর মধ্যেই ‘তোলাবাজি’ আর ‘গোষ্ঠীকোন্দলে’ নাজেহাল বঙ্গ বিজেপি। বারবার শৃঙ্খলারক্ষা আর নীতি-নৈতিকতার পাঠ পড়ানোর চেষ্টা চালালেও, বিজেপির একটা অংশ তা কানেই তুলছে না। জেলের ভাত খাওয়ানোর হুমকি দিয়ে রোখা যাচ্ছে না ‘তোলাবাজিকরণ’। বন্ধ করা যায়নি তোলাবাজি, তা চলছেই—শনিবার দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের অকপট এই স্বীকারোক্তি পদ্মপার্টির অস্বস্তি আরও বাড়িয়েছে। চলনবলনে আমূল পরিবর্তনের সঙ্গেই তোলাবাজির ভাইরাসে যেভাবে দলের লোকজন সংক্রামিত হচ্ছে, তা চলতে থাকলে ‘সুইচড অফ’ হতে বেশি দিন সময় লাগবে না বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় বিরাটিতে দলীয় কর্মসূচিতে সুকান্তর এই ‘নিদান’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর দলের একাংশের ‘তোলাবাজি’ আর পুলিশের একটা অংশের ‘খবরদারি’ যে তাঁদের উদ্বেগ বাড়াচ্ছে, তা প্রকাশ পেয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথাতেও। শুক্রবার দলের এক কর্মসূচিতে তিনি বলেছেন—‘একাংশের পুলিশ কর্মী, ওসিরা নিজেদের বিজেপির মণ্ডল সভাপতি ভাবছেন। আবার একাংশের মণ্ডল সভাপতি নিজেদের শুভেন্দু অধিকারী ভাবতে শুরু করেছেন। তাঁরাই মুখ্যমন্ত্রী, তাঁরাই স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের কথায় পুলিশ চলবে। এগুলো কিন্তু চলতে দেওয়া যাবে না।’ 

Advertisement

দলের রাজ্য নেতাদের নীতি-নৈতিকতার পাঠ পড়ানোর মাঝেই এদিন উত্তর কলকাতার কাশীপুরে বিজেপির দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইস্যু, ছটের ঘাট কাদের নিয়ন্ত্রণে থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক রীতেশ তেওয়ারির সামনেই একে অপরকে ‘তৃণমূল তকমা’ সাঁটিয়ে যেভাবে মারপিট করেছে, তাতে ক্ষুব্ধ সুকান্ত। দ্রুত সেখান থেকে চলে যান তিনি। সংঘর্ষে একজনের মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও, রাত পর্যন্ত উত্তর বন্দর থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। এদিনই সন্ধ্যায় আবার বারাকপুরের লালকুঠি এলাকায় স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচিকে ঘিরে বিক্ষোভ দেখায় দলের একটা অংশ। অভিযোগ, বারাকপুর-২ মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক তথা অর্জুন সিংপন্থী সঞ্জয় যাদবের নেতৃত্বে ওই বিক্ষোভ পর্বে কৌস্তভকে শুনতে হয়েছে গো-ব্যাক ধ্বনি এবং ‘তোলাবাজ’, ‘মণীশ শুক্লার হত্যাকারীর’ মতো বিশেষণও। কোনোক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 
রাজ্যে বিনিয়োগ আহ্বান নিয়ে দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলেন অর্থমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘তোলাবাজি অবশ্যই চলছে। বন্ধ করা যায়নি। যতদিন এটা চলবে, মানুষের আস্থা অর্জন করা যাবে না।’ দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক বলেন, ‘আমার নিজের কেন্দ্রেও তো পুরোপুরি বন্ধ করতে পারিনি। লগ্নিকারী ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ থাকতেই পারে, প্রকৃত পরিবর্তন কি হয়েছে? নাকি একই জিনিস চলছে? এই সন্দেহ দূর করতে হবে। আমি দলের তৃণমূলীকরণ নিয়ে অনেকবার বলেছি। এসব বন্ধ করতেই হবে।’ যদিও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্তর প্রশ্ন—‘শুধু তৃণমূলের নেতাদের দলে নিলেই তৃণমূলীকরণ হয়? বিজেপি কর্মীদের আচরণ তৃণমূলের মতো হয়ে গেলে তৃণমূলীকরণ হয় না!’