আক্রোশ! প্রেমিকার ২ পোষ্যকে ফাঁস দিয়ে খুন যুবকের
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমিকাকে শিক্ষা দিতে তাঁর পোষ্যদের  নৃশংসভবে খুন করলেন প্রেমিক সঞ্জীব ভট্টাচার্য! শনিবার বিকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার বিক্রমগড়ের এক ফ্ল্যাটে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিককে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় লিভ-ইন সম্পর্ক ভেঙে প্রেমিকের ফ্ল্যাট ছেড়ে চলে যান পেশায় ডিজে ওই তরুণী। কিন্তু তাঁর দুই পোষ্য বিক্রমগড়ে প্রেমিকের ফ্ল্যাটেই ছিল। এরপর আক্রোশ মেটাতে প্রেমিক শনিবার বিকালে ওই দুই পোষ্যকে খুন করেন বলে তরুণীর অভিযোগ। শনিবার বিকালে প্রথমে ভিডিয়ো কলে ওই তরুণীকে অভিযুক্ত সঞ্জীব দেখান, নৃশংসভাবে ফাঁস দিয়ে খুন করা হচ্ছে তাঁর প্রিয় পোষ্যকে। সেই দৃশ্য দেখে শিহরিত হয়ে ওই তরুণী স্থানীয় এক যুবককে পোষ্যদের উদ্ধারের জন্য প্রেমিকের ফ্ল্যাটে পাঠান। কিন্তু তার আগেই দুই পোষ্যকে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। এরপরই শহরের একটি পশুপ্রেমী সংস্থার উদ্যোগে খবর যায় যাদবপুর থানায়। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোষ্য দু’টির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement