নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৮ বছর পর ফের ইন্ডিয়ান রোড কংগ্রেসের মূল অধিবেশন বসতে চলেছে বাংলায়। ২০২৭ সালের শেষ দিকে এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলনের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ। ২০০৮ সালে শেষবার রাজ্যে বসেছিল এই অধিবেশন। এই সম্মেলনকে ঘিরে বাংলার পরিকাঠামো উন্নয়নে একাধিক বড়ো ঘোষণা এবং আর্থিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন দিশা মিলতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, ২০২৭ সালে বাংলায় ইন্ডিয়ান রোড কংগ্রেসের মূল অধিবেশন আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবেদনে সাড়া দিয়ে নীতিন গড়কড়ির কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সম্মেলন আয়োজনের অনুমোদন দিয়েছে বলে খবর।
সড়ক ও সেতু নির্মাণ, সেগুলির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তিগত নির্দেশ এবং মান নির্ধারণ করতে ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান রোড কংগ্রেস। মূল অধিবেশনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিক, ইঞ্জিনিয়ার, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশ নেন। সড়ক নির্মাণের আধুনিক প্রযুক্তি, দীর্ঘমেয়াদি রাস্তা, সেতুর নকশা এবং দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। অধিবেশনে কী কী আলোচনা হয়, সেদিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে দেশের সরকারি-বেসরকারি সমস্ত পরিকাঠামো উন্নয়ন সংস্থা। কয়েক মাস আগে বাংলায় ইন্ডিয়ান রোড কংগ্রেসের মধ্যবর্তী অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। বার্ষিক অধিবেশনের তুলনায় সেই আয়োজন ছিল অনেক ছোটো পরিসরে। তাই ২০২৭ সালের এই অধিবেশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকারও।
এদিকে, আজ রবিবার দিল্লি যাচ্ছে রাজ্যের পূর্তদপ্তরের সচিব অন্তরা আচার্যের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। পেট্রাপোল এবং সুন্দরবনের সঙ্গে সংযোগকারী দুটি জাতীয় সড়ক সংক্রান্ত কাজের অনুমোদন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে।



