খাল পরিষ্কার করতে নেমে আচমকাই পায়ে এসে ঠেকল অস্বাভাবিক কিছু, তার পর যা পাওয়া গেল..
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খাল পরিষ্কার করতে গিয়ে আচমকাই পায়ে ঠেকে শক্ত কিছু। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও, দড়িটি ধরে টান দিতেই জলের তলা থেকে উঠে আসে একটি প্যাকেট। আর সেই প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ! ভিতর থেকে বেড়িয়ে আসে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার অন্তর্গত সিথুলিয়া এলাকায় খাল পরিষ্কারের কাজ করছিলেন মনি মণ্ডল নামে এক ব্যক্তি। সেই সময় আচমকাই তাঁর পায়ে একটি শক্ত দড়ি আটকে যায়। কৌতূহলবশত দড়িটি ধরে টান দিতেই খালের জল থেকে উঠে আসে দড়ি দিয়ে বাঁধা একটি প্যাকেট। পরে সেই প্যাকেটের ভিতর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। বিষয়টি বুঝতে পেরেই খবর দেওয়া হয় সন্দেশখালি থানার অধীন সিথুলিয়া ক্যাম্পে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি নিজেদের হেফাজতে নেন তাঁরা। শনিবার রাতে অস্ত্রটি নিয়ে আসা হয় সন্দেশখালি থানায়। কীভাবে ওই আগ্নেয়াস্ত্র খালের জলে এল, কে বা কারা সেটি সেখানে ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কয়েক মাস আগে সন্দেশখালি এলাকা থেকেই বস্তা বস্তা আগ্নেয়াস্ত্র ও বন্দুকের গুলি উদ্ধার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস জানতে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।