একচিলতে বাগান। সারা বছরই সেখানে জবার আনাগোনা। গরম পেরিয়ে বর্ষা ঢুকেছে শহরে। এখনও সান্ধ্য আড্ডায় সুবাস ছড়িয়ে রাখে জানালা ঘেঁষে বেড়ে ওঠা জুঁই। পুজোর পর থেকে হিমেল টানে ডাক পাঠাবে গাঁদার চারা। শীতকালীন আসর জমে উঠবে হলুদ-কমলায়। আপনার বাগান যদি এসব ফুলে ভরে থাকে, তাহলে হাতের কাছেই রয়েছে ত্বকচর্চার নানাবিধ উপাদান।
জবা ফুলের উপকার
জবার নির্যাসে পাওয়া যায় অ্যান্টিঅক্সিড্যান্ট, যা আপনার ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এছাড়া আপনার ত্বকের ভিতর থেকে থেকে টক্সিন বের করে দেয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক রক্ষা করে। মুখের দাগছোপও মিলিয়ে যায় জবার নির্যাসে। এই ফুলে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের অন্দরের প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে ত্বক জ্বালা করার মতো অস্বস্তি কমে সহজেই।
ঘরোয়া প্যাক
• বাড়িতেই তৈরি করে নিন সহজ কয়েকটি প্যাক। জবা ফুলের পাঁপড়ির গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলেই ফল হবে।
• জবার পাতা রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে নিন। এর সঙ্গে দই ও চন্দনের গুঁড়ো ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন।
• চালের গুঁড়ো ও গোলাপজলের সঙ্গে জবা ফুলের পাপড়ি মিশিয়েও প্যাক তৈরি করা যায়। পরিমাণ মতো জবার পেস্টে অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে ত্বকে লাগালেও উপকার পাবেন।
• মুলতানি মাটি ও টক দইয়ের সঙ্গে ফুলের পাপড়ির মিশ্রণ প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক ভালো থাকবে।
গাঁদার নানাবিধ
বাগানে গাঁদার আগমনে কয়েক মাস দেরি এখনও। তবে আয়ুর্বেদে এই ফুল গাছের নানা অংশকে কাজে লাগানো হয়। রূপ বিশেষজ্ঞদের মতে, গাঁদা ফুল যে কোনও বয়সের মানুষ ত্বকচর্চায় ব্যবহার করতে পারেন। কয়েকটি সাধারণ উপকরণের সংমিশ্রণে তৈরি করতে পারেন গাঁদা ফুলের প্যাক।
ত্বকের বন্ধু
• পরিমাণমতো গাঁদা ফুলের পেস্ট নিন। এর সঙ্গে দুধ, বেসন, মুলতানি মাটি বা চন্দন মিশিয়ে ঘরোয়া প্যাক তৈরি করুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললেই ত্বক হারানো উজ্জ্বলতা ফিরে পাবে। রোদে ট্যান পড়ে গেলেও এই প্যাক খুব উপকারী।
• গাঁদা ফুলের সঙ্গে গোলাপজল মিশিয়ে নিয়মিত ব্যবহারে ত্বকে ব্রণর সমস্যা দূর হয়। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা ফুলের পেস্ট, টক দই, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে তৈরি প্যাক ব্যবহার করুন।
• শুষ্ক ত্বকের জন্য দুধের সরের সঙ্গে গাঁদা ফুলের পেস্ট দিয়ে তৈরি প্যাক ত্বকের বলিরেখাও দূর করে।
জুঁইয়ের রকমারি
রূপে, গুণে সমান। জুঁইয়ের ক্ষেত্রে একথা একবাক্যে স্বীকার করবেন অনেকেই। শ্বেতশুভ্র জুঁই যেন স্নিগ্ধতার প্রতীক। আর মনমাতানো গন্ধে সে বশ করেছে যেন। স্নানের জলে কয়েক ফোঁটা জুঁই তেল মিশিয়ে নিন। দিনভর তরতাজা লাগবে। অ্যালোভেরা লোশনের সঙ্গে জেসমিন তেল মিশিয়ে মাখলে ত্বক আর্দ্র থাকে। যে কোনও ক্ষতের দাগ নির্মূল করতে জুঁই ফুল বেটে নিয়ে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। ব্রণর দাগ দূর করতেও এই ফুলের জুড়ি নেই। জুঁই বেটে তার সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করুন। কয়েক সপ্তাহেই ফল পাবেন।
স্বরলিপি ভট্টাচার্য