Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘা-শঙ্করপুরের উপকূলে গঙ্গোৎসব ও মেলার সূচনা

পৌষের শেষে মকর সংক্রান্তির পূণ্যলগ্নে দীঘা ও শঙ্করপুর সমুদ্র উপকূলে গঙ্গোৎসব ও মেলা শুরু হয়ে গেল।

দীঘা-শঙ্করপুরের উপকূলে গঙ্গোৎসব ও মেলার সূচনা
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: পৌষের শেষে মকর সংক্রান্তির পূণ্যলগ্নে দীঘা ও শঙ্করপুর সমুদ্র উপকূলে গঙ্গোৎসব ও মেলা শুরু হয়ে গেল। আজ, বুধবার কাঁথির শৌলা ও জুনপুট সমুদ্র উপকূলে গঙ্গোৎসবের সূচনা হবে। দীঘা সহ অন্যান্য সমুদ্র উপকূলে যেমন পূণ্যস্নানের জন্য লক্ষাধিক মানুষ ভিড় জমাবেন, তেমনি এই সমস্ত এলাকায় মা গঙ্গার আরাধনা অর্থাৎ গঙ্গোৎসবও শুরু হয়েছে। দীঘা ও শঙ্করপুর­-বাংলার অন্যতম দুই মৎস্য বাণিজ্যকেন্দ্র এখন মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। সমুদ্রস্নান করে, গঙ্গাপুজো দিয়ে মেলা দেখে বাড়ি ফেরা বহু প্রাচীন প্রথা। দীঘা-শঙ্করপুরে জমজমাট গঙ্গোৎসব ও মেলাকে কেন্দ্র করে মৎস্যজীবী, বেড়াতে আসা পর্যটক সহ সর্বস্তরের মানুষ মেতে উঠেছেন। প্রতিটি জায়গায় মেলায় বসেছে প্রচুর দোকানপাট সহ হরেকরকম আনন্দ­-বিনোদনের পসরা। মকর সংক্রান্তির পূণ্যস্নান নির্বিঘ্নে করতে এবং অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ-প্রশাসনের তৎপরতা তুঙ্গে। সোমবার  থেকেই দীঘা সহ অন্যান্য সমুদ্রসৈকতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারি। মঙ্গলবার দীঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ৫৩তম বর্ষের গঙ্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। শোভাযাত্রা সহকারে আকর্ষণীয় সমুদ্র আরতির মাধ্যমে  গঙ্গামায়ের ঘটোত্তলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে সুউচ্চ মণ্ডপ ও মাতৃপ্রতিমা নজর কেড়েছে। আগামী ২১জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে রয়েছে রক্তদান শিবির, দুর্ঘটনায় মৃতের পরিবার ও আহত মৎস্যজীবীদের আর্থিক সাহায্য, দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দান প্রভৃতি কর্মসূচি। মূল আকর্ষণ সি-ফুড ফেস্টিভ্যাল। সেখানে চেনা­­­-অচেনা নানা সামুদ্রিক মাছের রান্না করা খাবার চেখে দেখা ও প্রদর্শনী প্রত্যক্ষ করার সুযোগ রয়েছে। বিভিন্ন দিনে মঞ্চ মাতাবেন কলকাতা ও মুম্বইয়ের নামীদামি শিল্পীরা। অন্যদিকে, সোমবার শঙ্করপুর ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪৩তম বর্ষের গঙ্গোৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, প্রাকৃতিক দুর্যোগে মৃত কিংবা নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের লোকজনকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উৎসব উপলক্ষ্যে ২১জানুয়ারি পর্যন্ত  নানা অনুষ্ঠানে ও সামাজিক কর্মসূচি রয়েছে। শৌলা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় বুধবার থেকে গঙ্গোৎসব ও মেলার সূচনা হচ্ছে। রয়েছে রক্তদান শিবির, যাত্রানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান সহ নানা কর্মসূচি। জুনপুট পৌষ সংক্রান্তি মেলা কমিটির পরিচালনায় বুধবার থেকে চারদিনব্যাপী জমজমাট গঙ্গোৎসব ও মেলা শুরু হচ্ছে।  রয়েছে যাত্রানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠানের আয়োজন। খেজুরির পাঁচুড়িয়ার সমুদ্র উপকূলে প্রাচীন ভীমেশ্বরী মন্দির প্রাঙ্গণে গঙ্গোৎসব উপলক্ষ্যে বসেছে মেলা।  গঙ্গোৎসবের মণ্ডপ।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ