ঢাকা: ফের মৌলবাদীদের হুমকির মুখে বাংলাদেশের সংবাদমাধ্যম। কিছুদিন আগেই ‘ভারত-বিরোধিতা’র ধুয়ো তুলে বাংলাদেশের দু’টি প্রথম সারির সংবাদপত্রের প্রধান দপ্তর পুড়িয়ে দিয়েছিল উন্মত্ত জনতা। এবার নিউজ চ্যানেলের সাংবাদিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলল একদল তরুণ। নাজনিন মুন্নি নামে ওই সাংবাদিককে পদচ্যুত করা না হলে, ওই নিউজ চ্যানেলের দপ্তরেও আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পড়ুয়াদের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সদস্য বলে দাবি করেছে ওই তরুণরা। তাদের অভিযোগ, মুন্নি আওয়ামি লিগের সমর্থক। তাই ওই চ্যানেলের ‘নিউজ হেড’ পদে থাকতে পারবেন না তিনি। এই ঘটনার পর থেকেই আর অফিসে যাচ্ছেন না মুন্নি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই উপস্থাপিকা বলেছেন, ‘আমি গত দু’দিন অফিসে যাইনি। অফিস থেকেই আমাকে বলা হয়েছে যে, এখন পরিস্থিতি ভালো নয়। সাংবাদিকরা প্রায়শই হুমকি পেয়ে থাকে। কিন্তু গত ১৫ দিনে এখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ওই তরুণদের রাজনৈতিক পরিচয় জানি না। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে।’
যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানিয়েছেন, যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ ডিসেম্বর ওই তরুণরা ‘গ্লোবাল টিভি’ নামে ওই নিউজ চ্যানেলের তেজগাঁওয়ের অফিসে যায়। তার তিনদিন আগেই ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর দপ্তরে লুটপাট, ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মুন্নি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘ওইদিন ৭-৮ জন তরুণ অফিসে আসে। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহর শাখার সদস্য বলে পরিচয় দেয়। তারা হুমকি দেয়, যদি আমি চাকরি ছেড়ে না দিই, তাহলে আমাদের অফিসও প্রথম আলো ও ডেইলি স্টারের মতো পুড়িয়ে দেওয়া হবে।’ তবে ঘটনার সময় মুন্নি অফিসে ছিলেন না। ওই তরুণরা চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করে। তারা জানায়, গ্লোবাল টিভি ওসমান হাদির মৃত্যু নিয়ে যথাযথ খবর সম্প্রচার করেনি। এছাড়া মুন্নি আওয়ামি লিগ সমর্থক। তাই তাঁকে তখনই সরিয়ে দিতে হবে। যদিও ম্যানেজিং ডিরেক্টর অভিযোগ মানতে চাননি। নাজনিন লিখেছেন, ‘ওই তরুণরা দাবি করে, মুন্নিকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য মুচলেকা দিতে হবে। কিন্তু এমডি ওই মুচলেকায় সই করতে রাজি না হওয়ায় তরুণরা জানায়, তারা যা চাইছে তাই করবে। কেউ তাদের আটকাতে পারবে না।’