


গ্রীষ্ম মানেই দহন দিন। গ্রীষ্ম মানেই ঠান্ডা খাবার। এই সময় কোনো বিশেষ মেনু প্ল্যান করতে হলে একটু ভেবেচিন্তে করা দরকার, জানালেন অ্যাস্টর হোটেলের এগজিকিউটিভ শেফ আজাদ। চতুষ্পর্ণীর জন্য বিশেষ একটি ফলের মেনু তৈরি করেছিলেন তিনি। কীভাবে বাছলেন এই রেসিপিগুলো? শেফ বললেন, ‘গরমে এমন ফল বাছতে হয় যাতে প্রচুর পরিমাণে জল থাকে। সেই অনুযায়ী তরমুজ, ফুটি, আপেল ইত্যাদি ফল দিয়ে রেসিপি বানিয়েছি।’ এই ফলগুলো শরীরকে শীতল করে। শেফ বললেন এমন ফল বাছতে হবে যেগুলো ন্যাচারাল কুলান্ট। তাছাড়াও এমন ফল দিয়ে রেসিপি বানাতে হবে যেগুলো বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। স্যালাড বা ডেজার্টের ক্ষেত্রে ফল মাঝেমধ্যেই ব্যবহৃত হয়। কিন্তু মেন কোর্সে যখন ফল ব্যবহার করা হয় তখন তা মূল উপকরণকে যেন কমপ্লিমেন্ট করে সেদিকে খেয়াল রাখতে হয়। যেমন সামুদ্রিক মাছ, কাঁকড়া ইত্যাদির সঙ্গে ফল দিয়ে তৈরি ডিশ খুব ভালো লাগে। অনেক সময় মেন কোর্সের ক্ষেত্রে রান্নায় ফল ব্যবহার না করে তা দিয়ে কোনো ডিপ বা স্যস বানানো হয়। এইভাবেই ফল দিয়ে রেসিপির ভাবনাচিন্তা করেন শেফ।
প্যান সিয়ার্ড স্ক্যালপস অ্যান্ড ওয়াটারমেলন
উপকরণ: সাদা পেঁয়াজ বা স্ক্যালপ ১৫০ গ্রাম, তরমুজ ১০০ গ্রাম, চিমিচুরি স্যস ২০ গ্রাম, সাদা তেল ২০ মিলি, ৫টা লেবুর রস, লংকা বাটা ১টা, নুন স্বাদ মতো, ফ্রেশ ক্রিম বা মালাই ২৫ মিলি, চিনি অল্প, গোলমরিচ গুঁড়ো ১ চিমটে, মাখন ১ কিউব।
প্রণালী: তরমুজ থেকে দেড় ইঞ্চি মোটা কিউব বের করে নিন। সাদা পেঁয়াজ সরু ফালি করে কেটে নিন। তারপর তাতে নুন ও মরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার একটা ফ্রাই প্যান আঁচে বসিয়ে তেল গরম করে নিন। তাতে সাদা পেঁয়াজের স্লাইস দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নিন। হালকা বাদামি রং ধরলে নামিয়ে নেবেন। এবার ঢিমে আঁচে একটু মাখন গলিয়ে নিন। তারপর তা ভাজা পেঁয়াজের উপর ঢেলে দিন। এরপর একটা প্লেটে তরমুজের টুকরো সাজান। তার উপর ভাজা পেঁয়াজ দিন। উপর থেকে চিমিচুরি স্যস ছড়িয়ে দিন। এরপর ক্রিম বা মালাই ফেটিয়ে ঢেলে দিন। অল্প নুন ও চিনি ছড়িয়ে দিন। লেবুর রস ছড়িয়ে সবটা একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে উপর থেকে একটু সাওয়ার ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারেন বা সেটা ছাড়াও পরিবেশন করতে পারেন।
রেড অ্যাপেল অনিয়ন অ্যান্ড মাস্ক মেলন স্যালাড
উপকরণ: আপেল ১৫০ গ্রাম, ফুটি ১০০ গ্রাম, চেরি টম্যাটো ১৫ গ্রাম, পার্সলে পাতা কুচানো ২০ গ্রাম, ৫টা লেবুর রস, লংকা বাটা ১টা, নুন স্বাদ মতো, ফেটা চিজ ২৫ গ্রাম, অলিভ অয়েল ৫ মিলি, চিনি ৫ গ্রাম।
প্রণালী: শক্ত ও কচকচে আপেল পাতলা স্লাইস করে কেটে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন মোটামুটি ঘণ্টা খানেক। এবার পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিন। তারপর তাও ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। পার্সলে কুচিয়ে নিয়ে আলাদা করে রেখে দিন। ফেটা চিজ কুরিয়ে নিন। এরপর একটা বড়ো পাত্রে আপেল আর পেঁয়াজ নিন। তাতে পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে মেখে নিন। এরপর লেবুর রস মাখিয়ে নিন। তারপর তা খানিকক্ষণ রেস্টে রাখুন। ইতিমধ্যে ফুটি থেকে স্কুপ বের করে নিন। চেরি টম্যাটো অর্ধেক করে কেটে নিন। এবার আপেল আর পেঁয়াজের সঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে সবটা একসঙ্গে মেখে নিন। উপর থেকে অলিভ অয়েল ছড়িয়ে আবারও মেশান। এরপর ফেটা চিজ, লংকা বাটা ও পার্সলে পাতা ছড়িয়ে পরিবেশন করুন।