সংবাদদাতা, তেহট্ট : তেহট্টের জগদ্ধাত্রী পুজো কিংবা পলাশীপাড়ার দুর্গাপুজো বা কার্তিক লড়াই-এর মতো তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে দেবী সরস্বতীর পুজো ঘিরে মাতোয়ারা হন এলাকাবাসী। কিন্তু এবার সেই পুজো হবে কি না, তাই নিয়ে দোলাচলে ছিল নিশিন্তপুর ও আশপাশের গ্রামের বাসিন্দারা। কারণ মাসকয়েক আগে এই গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। স্বর্ণাভ বিশ্বাস নামে এক শিশুর মৃতদেহ পাওয়ার পর তাঁকে খুন করা হয়েছে এই অভিযোগে প্রতিবেশী তিনজনকে গণপ্রহার করেছিল উত্তেজিত জনতা। সেই ঘটনায় দু’জন মারা যায় ও একজন গুরুতর জখম হন। এরপর এবার নিশ্চিন্তপুরে সরস্বতী পুজো ঘিরে যে উন্মাদনা থাকে সেটা দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল সকলের। কিন্তু সেই সন্দেহ দূরে সরিয়ে ফের পুরানো ছন্দে সরস্বতী পুজোয় মাতবে নিশ্চিন্তপুর। যদিও আগের কয়েক বছরের তুলনায় এবার বাজেট কমেছে বেশ কয়েকটি পুজোর।
তেহট্টের আরশিগঞ্জ হয়ে নিশ্চিন্তপুরে ঢুকতেই আলোকসজ্জা ঘেরা গ্রাম চোখে পড়ে। এই গ্রামে ২১টি বড় পুজো ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে প্রতিবার। যে পাড়ায় ওই গণপ্রহারের ঘটনা ঘটেছিল, সেই পাড়াতেই পুজো হয় কিরণ সংঘের। এবার তাঁদের জৌলুস অনেক কম অন্যবারের তুলনায়। এবারের থিম ফুল ও বাঁশে সরস্বতী সাজে। এখানে দেখা যাবে ছোট, ছোট বাঁশের কাবারি ও কঞ্চি দিয়ে তৈরি মণ্ডপ। সঙ্গে ফুলের অপরূপ সজ্জা। নতুনপাড়া হুইস্কি সংঘের এবারের থিম যত্নে থাক জল ও বন , বেঁচে যাবে প্রকৃতি ও জীবন। এবার এই ক্লাবের বাজেট প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। যুবক সংঘের এবারের থিম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। এদের বাজেট চার লক্ষ টাকা। বেলতলা পাড়ার সূর্যস্নাত ক্লাবের এবারের আকর্ষণ মা তুমিই শ্রেষ্ঠ। সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। এই ক্লাবের বাজেট তিন লক্ষ টাকা। নিমতলা পাড়া প্যারাডাইস ইউনাইটেড ক্লাবের থিম শিব লীলা। ইয়ং সোসাইটির থিম গুজরাটের জৈন মন্দির। সঙ্গে থাকবে গোপাল ভাঁড়ের বিভিন্ন কৌতূক দৃশ্য। এই ক্লাবের বাজেট ছয় লক্ষ টাকা। কপিল স্পোর্টস ক্লাবের থিম মধুবন। এখানে মৌমাছির জীবন চক্র থিম। এই পুজোর বাজেট দুই লক্ষ টাকা। বাবুপাড়ার থিম উত্তরাখণ্ডের হরপা বাণ সঙ্গে কৃষ্ণ লীলা। এঁদের বাজেট এবার পাঁচ লক্ষ টাকা। এছাড়াও থাকবে আরও নজরকাড়া সব থিম ও আলোকসজ্জা।
এবারের চার দিন ব্যাপী নিশ্চিন্তপুরের সরস্বতী পুজোকে কেন্দ্র করে আশপাশের এলাকার মানুষের মধ্যেও উন্মাদনা রয়েছে। তেহট্ট, বেতাই, পলাশীপাড়া, রঘুনাথপুর, শ্যামনগর, আশরাফপুর প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে মানুষ নিশ্চিন্তপুরে ভিড় জমান শুধু সরস্বতী পুজো
দেখার জন্য।