চল্লিশ বছরের  পুরানো গান ভাইরাল
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘আজ শনিবার...’। ৪৪ বছর আগের বিখ্যাত এক গানের কলি ফের ভাইরাল হল। সৌজন্যে গায়িকা রূপা বিশ্বাস সেন। তিনি জানান, ১৯৮২ সালে গানটির রেকর্ড হয়েছিল কানাডায়, সুরকার ছিলেন আশিস খান। কানাডায় একের পর এক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকেই আশিসই একটি রেকর্ড করার প্রস্তাব দেন। সেখান থেকেই শুরু। গানটি নিয়ে ফের চর্চা শুরু হওয়ার পর রূপা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো করে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনপ্রিয় ভিডিয়ো গেম জিটিএ-সিক্স-এ জায়গা করে নিয়েছেন এই গান। রকস্টার গেমসের তৈরি জিটিএ-সিক্স-এ রয়েছে একাধিক রেডিও স্টেশন, যেখানে নানা ধরনের গান শুনতে পান খেলোয়াড়রা। তারই অন্যতম ওয়ার্ল্ডওয়াইড এফএম রেডিও স্টেশন। যা হাউস মিউজিক, জ্যাজসহ বিভিন্ন আন্তর্জাতিক ঘরানার গানের জন্য পরিচিত। সেখানে স্থান পেয়েছে রূপার ‘আজ শনিবার’। এর ফলে নতুন প্রজন্মের গেমার ও শ্রোতাদের কাছেও পৌঁছে যাচ্ছে এই গান। শৈশব থেকেই গানের জগতে ডুবে থাকা রূপা স্বপ্ন দেখতেন, তাঁর গান ছড়িয়ে পড়বে চারদিকে। অ্যালবাম তৈরির পর দুর্গাপুজোয় গানটি মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কোনো কারণে তা না হওয়ায় ভেঙে পড়েন তিনি। রেগে গিয়ে রেকর্ডটা ফেলেও দেন। পরবর্তীকালে তাঁর ছেলে রেকর্ডটি খুঁজে পা়ন। রূপা স্বীকার করেন, সে সময় গানটি সেভাবে চলেনি। যদিও অনেকের কাছে রেকর্ড পৌঁছেছিল। তাঁর আক্ষেপ, সেই সময় তেমন প্রচার তাঁর ভাগ্যে জোটেনি। তবে চার দশকেরও বেশি সময় পর এমন সাফল্যে উচ্ছ্বসিত রূপা। 

Advertisement