নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেডারেশনের উপর আস্থা হারিয়েছেন ফুটবলপ্রেমীরা। আদালতেও প্রবল চাপে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আগামী অক্টোবরে ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটসের জন্য দরপত্র ছাড়ার কথা। বিচারপতি নাগেশ্বর রাওয়ের অধীনে একটি কমিটি বিষয়টি দেখভাল করবে। সেখানে কোনও ভূমিকা নেই ফেডারেশন কর্তাদের। সোমবার তা স্পষ্টভাবে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফুটবলের অচলাবস্থা কাটাতে শীঘ্রই রায় জানাবে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যেই বিস্তারিত রায় ঘোষণা হওয়ার কথা। বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির মতো জল মাপছে এফএসডিলও।
সপ্তাহের প্রথম দিন ভারতীয় ফুটবলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ম্যারাথন শুনানির শেষে বিচারক জানান, সবকিছু বিচার বিশ্লেষণ করে দ্রুত রায় ঘোষণা করা হবে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ফেডারেশনে নতুন সংবিধান লাগু ছাড়াও সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচন নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। পাশাপাশি জট কাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে ফিফা। ৩০ অক্টোবরের মধ্যে সমস্যা না মিটলে নির্বাসন অনিবার্য। সেক্ষেত্রে জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। ক্লাবগুলিও সুযোগ হারাবে আন্তর্জাতিক আসরে নামার। ফলে রাজধানীর ফুটবল হাউসের কর্তারা তটস্থ। এমন পরিস্থিতিতে রায় জানাতে চলেছে সুপ্রিম কোর্ট।