লখনউ: দুয়ারে বিধানসভা ভোট। প্রস্তুতি কেমন? তা খতিয়ে দেখতে গত ৩০ অক্টোবর বৈঠকে বসেছিল উত্তরপ্রদেশ বিজেপির ওয়ার্কিং কমিটি। লখনউয়ের সেই বৈঠকেই ‘বোমা’ ফাটিয়েছিলেন স্বয়ং যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ায় ১ কোটি ২৭ লক্ষ ‘হিন্দু ভোটারে’র নাম বাদ পড়েছে। তাঁদের ফের তালিকায় ফেরাতে হবে। খোঁচা দিতে সময় নষ্ট করেনি বিরোধী শিবির। তাদের দাবি ছিল, স্বয়ং যোগীই এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও পাকা অঙ্ক ছাড়া যোগী যে ওই মন্তব্য করেননি, ক্রমশ সামনে আসছে সেই ছবি। সৌজন্যে সম্প্রতি নির্বাচন কমিশনের শুরু করা বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসএসআর প্রক্রিয়া। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, যোগীর নির্দেশের পর এসআইআরে অনুপস্থিত, স্থানান্তরিতদের নাম ভোটার তালিকায় ফেরাতে মরিয়া চেষ্টা শুরু করেছেন বিজেপি কর্মীরা। এজন্য হাতিয়ার করা হয়েছে এসএসআর প্রক্রিয়াকে। আর তাতেই নাম তোলার আবেদনে ‘অস্বাভাবিক জোয়ার’ এসেছে। এই হিড়িকের সূত্রেই সামনে আসছে বিস্তর অনিয়মের অভিযোগ। একই নাম ও একই ঠিকানা সহ জমা পড়ছে গুচ্ছ গুচ্ছ আবেদন! স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে সন্দেহ।
১৭ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে উত্তরপ্রদেশে শুরু হয়েছে এসএসআর। সেই আবহেই ‘অল্ট নিউজ’-এর রিপোর্টে দাবি, গত ১ নভেম্বর গোটা উত্তরপ্রদেশ থেকে ২ হাজারের কাছাকাছি নাম তোলার আবেদন জমা পড়েছিল। ১৬ নভেম্বর পর্যন্ত সেই সংখ্যাটা ছিল গড়ে ১৬ হাজারের মতো। কিন্তু ১৭ নভেম্বর এসএসআর শুরু হওয়ার দিন থেকে তা অস্বাভাবিকভাবে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ওই দিন জমা পড়েছিল ৩১ হাজার আবেদন। সেটাই বাড়তে বাড়তে ২২ নভেম্বর ২৪ ঘণ্টায় জমা পড়েছে ৪ লক্ষ ১৬ হাজার ৩৮০টি আবেদন। ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে উত্তরপ্রদেশের একটা বড়ো অংশে একই ছবি ধরা পড়ছে। সাহিবাবাদ, লোনি, গাজিয়াবাদ, লখিমপুর, ইতমাদপুর, জাইদপুর, দাদরি, বড়াবাঁকি, আগ্রা, লখনউ— তালিকাটা দীর্ঘ। অথচ, পশ্চিম উত্তরপ্রদেশের একটা অংশে আবার ঠিক উলটো চিত্র। বিজনোর, মুজফ্ফরনগর, সাহারানপুর, মোরাদাবাদ, মিরাট, রামপুর, বুলন্দশহর, শামলির মতো জায়গাগুলিতে এই তিনদিনে আবেদন পেশ হয়েছে হাতে গোনা।
তবে যে যে জায়গায় ফর্ম ৬ পূরণের মাধ্যমে নাম তোলার জোয়ার এসেছে, সেখান থেকে অনিয়মের বিস্তর অভিযোগও সামনে আসছে। মিরাটের সিওয়ালখাসে ৫ ও ৬ নভেম্বর একই ঠিকানার উল্লেখ সহ ৪৪টি আবেদন জমা পড়েছে। শুধু তাই নয়, একই বিধানসভায় একই ব্যক্তির নামে (বাবা বা স্বামীর নামও এক) একাধিক আবেদন পেশ হচ্ছে, এমন উদাহরণও হাজার হাজার। ফতেপুরের বিন্ডকি বিধানসভা আসনে হিমাংশু নামের এক ব্যক্তি (বাবার নাম বাবুরাম) পাঁচটি আবেদন পেশ করেছেন। আধিয়া শেঠ নামে অন্য একজন পেশ করেছেন ছ’টি আবেদন।
উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ায় অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, ডুপ্লিকেট (এএসডিডি) হিসাবে বাদ গিয়েছিল ২ কোটি ৮৯ লক্ষ নাম। ‘অল্ট নিউজে’র দাবি, তাদের যাচাই করা প্রায় ১০.৪ লক্ষ আবেদনের মধ্যে এমন ৪৫ হাজার ব্যক্তি রয়েছেন যাঁদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই অনুপস্থিত বা স্থানান্তরিত হিসাবে চিহ্নিত হয়েছিল এই নামগুলি।



