লখনউ, ১৫ মে: দিল্লি থেকে বিহার যাওয়ার পথে উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জের কাছে আচমকাই আগুন লাগে একটি যাত্রীবাহী বাসে। মুহূর্তে সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। আর সেই অগ্নিকাণ্ডের জেরে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে, বলে পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, ওই বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। সকলেই ঘুমাচ্ছিলেন। ভোররাতে আচমকাই আগুন লেগে যাওয়ায় আতঙ্কে বাসের মধ্যেই দৌড়াদৌড়ি করতে থাকেন সকলে।
সেই পরিস্থিতিতে জানলার কাচ ভেঙে চম্পট দেন ওই বাসের চালক। কিন্তু যাত্রীরা পালানোর সুযোগ পাননি। কয়েকজন যাত্রী সিটের তলাতেই আগুনের হাত থেকে বাঁচতে ঢুকে পড়েন। অনেকেই আবার ওই ভাঙা জানলা দিয়ে কষ্ট করে বাইরে বেরিয়ে আসেন। আগুন লাগার সময়ে প্রথমে আঁচ পাননি কোনও যাত্রী। পরে গোটা বাসে ধোঁয়া ভরে যাওয়ায় ঘুম ভাঙে সকলের। তখনই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কয়েকজনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধারও করা হয়। তবে দমকল আসার আগেই গোটা বাসটি পুড়ে ছাই হয়ে যায়। সূত্রের খবর, ওই বাসের ধোঁয়া প্রায় এক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডের জেরে জখম হয়েছেন অনেকে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে ঘটল ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিস।