তিরুবন্তপুরম, ২৪ নভেম্বর: সন্তানের ভবিষ্যৎ গড়তে জীবনের সঞ্চয়, পরিশ্রম, এমনকি শেষ সম্বলটুকুও বাবা-মা অনেক সময় তুলে দেন তাঁদের হাতে। অথচ সেই সম্পত্তির মালিকানা পাওয়ার পরই যদি সন্তান বাবা-মায়ের দায়িত্ব ভুল যায়, তাঁদের অবহেলা করে কিংবা নির্যাতন চালায়, তবে আর রেহাই মিলবে না। এমনই কড়া বার্তা দিলেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। বাবা-মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর তাঁদের অবহেলা বা নির্যাতন করলে সংশ্লিষ্ট সন্তানদের তিন বছরের কারাদণ্ড হতে পারে। এ সংক্রান্ত একটি নতুন বিল ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বলে সূত্রের খবর।
বয়স্ক নাগরিকদের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে বলে জানা গিয়েছে। গত অক্টোবর মাসে কেরল বিধানসভায় বিলটি পাশ হয়। তবে আইনে পরিণত হতে এখনও রাজ্যপালের সম্মতি প্রয়োজন। সেই অনুমোদন মিললেই কার্যকর হবে নতুন বিধান। মুখ্যমন্ত্রীর কথায়, বাবা-মায়ের সম্পত্তি পাওয়ার পর তাঁদের পরিত্যাগ করার প্রবণতা রুখতেই আইনে তিন বছরের জেল এর নিয়ম রাখা হয়েছে। সম্প্রতি পাঠানাপুরমের গান্ধী ভবনে প্রবীণ পুরুষদের জন্য তৈরি ২০ কোটি টাকার আবাসন প্রকল্প ‘পিতৃমন্দিরম’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন সতীশন। তিনি বলেন, সন্তানদের বড়ো করতে বাবা-মায়েরা সারা জীবন যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেন, পরবর্তী প্রজন্মের তা ভুলে যাওয়া উচিত নয়।
মুখ্যমন্ত্রী জানান, অনেক মাকে সন্তানদের মানুষ করতে চরম প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে দেখেছেন তিনি। কিন্তু সেই সন্তানরাই প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক সময় বাবা-মাকে অবহেলা করেন। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কেরলে এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে বৃদ্ধ বাবা-মায়েরা সন্তানদের কাছেই সম্মান ও নিরাপত্তার সঙ্গে থাকতে পারবেন।



