উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস-সপার টানাপোড়েন, ২৬ আসনের প্রস্তাবে নারাজ রাহুল শিবির
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
Prefer us on Google

লখনউ, ২৪ নভেম্বর: উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে বিরোধী জোট ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আলোচনার দ্বিতীয় দিনেই কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। কিন্তু সেই প্রস্তাবে সন্তুষ্ট নয় কংগ্রেস। সূত্রের খবর, অন্তত ১০০টি আসনের দাবিতে অনড় হাতশিবির। ফলে নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই দুই দলের আসনে সমঝোতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisement

সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের ফলাফলকে ভিত্তি করেই কংগ্রেসের জন্য ২৬টি আসন চিহ্নিত করেছে সমাজবাদী পার্টি। অথচ এক দিন আগেও কংগ্রেসের তরফে অন্তত ৬০টি 'এ-গ্রেড' বা জয়ের সম্ভাবনা রয়েছে, এমন আসনের দাবি জানানোর খবর সামনে এসেছিল। এখন কংগ্রেসের দাবি, অন্তত ১০০টি আসন না পেলে সমঝোতা সম্ভব নয়। তবে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও চূড়ান্ত আসন তালিকা যে শুধুমাত্র এই ২৬টি আসনেই সীমাবদ্ধ থাকবে, এমনটা নয়। দুই দলের মধ্যে কথাবার্তা এখনও চলছে। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে নমনীয় হওয়ার বার্তা দিয়েছে সমাজবাদী পার্টি। দলের নেতা রামজি লাল সুমন বলেন, 'বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা বুঝে কংগ্রেসের কাছে আমাদের বিনীত অনুরোধ, তারা যেন কিছুটা নমনীয় অবস্থান নেয়। দেশের মানুষ এবং উত্তরপ্রদেশের মানুষও চান, দুই দল একটি সমঝোতায় পৌঁছাক।' এর আগে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির দিল্লির বাসভবনে দুই দলের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার বৈঠক হয়। ২০২৭ সালের নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চালাতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে সমাজবাদী পার্টি। 

উল্লেখ্য, ২০১৭ ও ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পরপর ভরাডুবির পর উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছে সমাজবাদী পার্টি। ২০২২ সালের নির্বাচনে দুই দল আলাদা লড়াই করেছিল। ৩৪৭টি আসনে প্রার্থী দিয়ে ১১১টিতে জয় পেয়েছিল সমাজবাদী পার্টি। অন্যদিকে, ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র দু'টি আসন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের হয়ে একসঙ্গে লড়ে দুই দলের ফলাফল ছিল তুলনামূলকভাবে আলাদা। ৬২টি আসনে লড়ে ৩৭টিতে জয় পায় সমাজবাদী পার্টি। অন্যদিকে, ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছ'টি আসনে জয়ী হয় কংগ্রেস।