পাঞ্জাব নিয়ে ‘কনফিডেন্ট’ রাঘব চাড্ডা, জোট নিয়ে কী বললেন?
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৮:০৮
Prefer us on Google

হরিয়ানা, ২৪ নভেম্বর: এনডিএ-তে ফের একসঙ্গে শিরোমণি অকালি দল। দীর্ঘ ৬ বছর পরে জোটসঙ্গীকে পেয়েই মুখ্যমন্ত্রী সেই দলেরই কেউ হবেন, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না করলেও শাহ বলেন, মুখ্যমন্ত্রী হবেন বড়ো ভাই। যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কনফিডেন্ট পাঞ্জাব নিয়ে, সেখানে দলের অন্যান্য কর্মীরাও কনফিডেন্ট হবেন, সেটাই স্বাভাবিক ছবি বলেই মনে করেন রাজনীতিবিদরা। আজ বিজেপি সাংসদ রাঘব চাড্ডার বক্তব্যেও তা লক্ষ্য করা যায়। এদিন রাঘব বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে পাঞ্জাবের মানুষ এনডিএ-কে সেবা করার সুযোগ দেবেন। আমরা সকলে পাঞ্জাববাসীর সেবা করব।’

Advertisement

সম্প্রতি সেই রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়েও তিনি সরব হয়েছেন। কিছুদিন আগেই ওষুধের দোকানে মাদক বিক্রি করার অভিযোগ করায় প্রকাশ্যে খুন হতে হয় সমাজকর্মী পারভিন্দর সিং ঝোটাকে। প্রশ্ন উঠেছিল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। এদিন রাঘব বলেন, ‘গত ১০ বছর ধরে আমি পাঞ্জাবকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি এবং সেখানে কাজ করেছি। অনেক পিছিয়ে পড়েছে পাঞ্জাব। প্রত্যেকটি মোড়ে প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে। ছোটো থেকে বড়ো ব্যবসায়ী এবং দোকানদারের কাছে গ্যাংস্টারদের তোলাবাজির হুমকি ফোন আসছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে।’ আম আদমি পার্টিকেও তোপ দাগেন চাড্ডা এদিন। তিনি প্রশ্ন তোলেন আপের ভূমিকা নিয়েও। বলেন, ‘আম আদমি পার্টি বলেছিল সরকার গঠনের ৩ মাসের মধ্যে নেশামুক্ত করা হবে পাঞ্জাবকে। কিন্তু ৫ বছর হতে যায়, সেই ধারাই অব্যাহত।’ কংগ্রেসকেও তুলোধোনা করেন তিনি।

রাঘব সেই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি পাঞ্জাবে বিনিয়োগ বা শিল্প ক্ষেত্রেও বিরাট ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘কলকারখানা ও শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কর্মসংস্থানের সুযোগও শেষ হয়ে আসছে...এই জোটের দিকেই সকলে তাকিয়ে ছিলেন। আমি আশাবাদী সেবা করার সুযোগ আমরা পাবো।’