নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তোলাবাজির অভিযোগে এবার ক্যানিংয়ে গ্রেপ্তার হলেন পদ্ম পার্টির এক নেতা। এক মাছ ব্যবসায়ীর থেকে তিন লক্ষ টাকা দাবি করা এবং তা না দেওয়ায় মারধর করার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, তিনি জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চার এক পদাধিকারী বলে পরিচিত। নাম অলিপ সমাদ্দার। সূত্রের খবর, যাদব অধিকারী নামে আক্রান্ত ওই মাছ ব্যবসায়ীর থেকে এই টাকা দাবি করেছিলেন তিনি। ব্যবসায়ী তা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করা হয়েছে। এই নিয়ে ক্যানিং থানায় অভিযোগ হতেই পুলিশ অলিপকে গ্রেপ্তার করেছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। প্রিজন ভ্যানে ওঠার সময় ওই নেতা বলেন, জুয়ার ঠেকের প্রতিবাদ করায় আমায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যাদব অধিকারী কোনো ভেড়ি বা মাছ ব্যবসায়ী নন। উনি তৃণমূলের একজন তোলাবাজ। এলাকায় লুটপাট করছিলেন বলে ওকে স্থানীয় লোকজন মারধর করেছেন। এর সঙ্গে আমি যুক্ত নই। এদিকে, ঘটনাকে নিয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বায়েন বলেন, কেউ যদি অন্যায় করে থাকেন, তাহলে তাঁর শাস্তি পাওয়া উচিত। এসবের সঙ্গে দল কোনো আপোস করবে না।



