Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মালিকপক্ষ গরহাজির, রামঝোরা চা বাগান খোলা নিয়ে ভেস্তে গেল পঞ্চম বৈঠকও

মঙ্গলবার মাদারিহাটের বন্ধ রামঝোরা চা বাগান খুলতে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকও এড়িয়ে গেল মালিকপক্ষ। এভাবে মালিকপক্ষ বার বার বৈঠক এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ চা শ্রমিক সংগঠনগুলি।

মালিকপক্ষ গরহাজির, রামঝোরা চা বাগান খোলা নিয়ে ভেস্তে গেল পঞ্চম বৈঠকও
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার মাদারিহাটের বন্ধ রামঝোরা চা বাগান খুলতে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকও এড়িয়ে গেল মালিকপক্ষ। এভাবে মালিকপক্ষ বার বার বৈঠক এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ চা শ্রমিক সংগঠনগুলি। শাসক দল তৃণমূল ও বিজেপির চা শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিক স্বার্থে একজোট হয়ে বৈঠকে বাগান খুলতে নতুন মালিক খোঁজার দাবিতে সরব হয়েছেন। তাঁরা চাইছেন, রাজ্য সরকার এবার এসওপি প্রয়োগ করুক।২০২৩ সালের নভেম্বরে দুর্গাপুজোর বোনাস নিয়ে অসন্তোষের জেরে বন্ধ হয় রামঝোরা। বন্ধ ওই বাগানে সেই সময় শ্রমিক ছিল ১১০৩ জন। তারপর থেকেই মাদারিহাটের ওই বন্ধ বাগানটিতে পানীয় জল, স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা কার্যত ভেঙে পড়ে। শ্রমিকরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজ্য সরকারের মাসিক ফাওলাইয়ের ১৫০০ টাকায় কোনওভাবে শ্রমিকদের দিন গুজরান চলছে। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, রামঝোরা খুলতে এদিন ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু পঞ্চম বৈঠকেও মালিকপক্ষ হাজির না থাকায় ভেস্তে গিয়েছে। এভাবে বার বার বৈঠক এড়িয়ে যাওয়ার জন্য বাগান খুলতে নতুন মালিক খুঁজতে ট্রেড ইউনিয়নগুলি এসওপি প্রয়োগের দাবি তুলেছে। রাজ্য সরকারকে সে কথাই জানানো হচ্ছে এবার। 

Advertisement

রামঝোরা বাগান খুলতে এদিন বৈঠকে আরএসপি, তৃণমূল, বিজেপি ও এসইউসির ট্রেড ইউনিয়নগুলি এককাট্টা হয়েছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, বৈঠকে শ্রম দপ্তরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অনেক হয়েছে, আর নয়। এবার রামঝোরা বাগান খুলতে নতুন মালিক খুঁজতে এসওপি  প্রয়োগ করতে হবে। 
বিটিডব্লুইউয়ের সাধারণ সম্পাদক রাজেশ বারলা বলেন, এখানকার শ্রমিকদের দুর্দশা চোখে দেখা যাচ্ছে না। তাই শ্রমিক স্বার্থে রাজনীতি ভুলে আমরাও রামঝোরা বাগান খুলতে রাজ্যের কাছে এসওপি প্রয়োগের দাবি জানাচ্ছি। এদিকে, রামঝোরা বাগানের শ্রমিকরা আশা করে বসেছিলেন এদিন পঞ্চম বৈঠকে হয়তো বাগান খুলবে। কিন্তু বৈঠক ভেস্তে যাওয়ার খবর পৌঁছতেই বাগানের শ্রমিক মহল্লাগুলিতে মুহূর্তের মধ্যেই আঁধার নেমে আসে। হতাশ হয়ে পড়েন শ্রমিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ