আন্দোলনে ভয় পাচ্ছে কেন্দ্র, গুজরাত থেকে পিএফের বৈঠক সরায় সরব পেনশনভোগীরা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৯ নভেম্বর গুজরাতের গিরে বৈঠকে বসার কথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর কেন্দ্রীয় অছি পরিষদের। বেশ কয়েক মাস আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। পিএফের আওতায় থাকা এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস-৯৫ প্রকল্পের অন্তর্গত পেনশনভোগীরা তাঁদের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে গিরের বৈঠকস্থলে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন। ঠিক হয়েছিল, গোটা দেশ থেকে অন্তত তিন হাজার প্রবীণ ওই বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখাবেন। এর মধ্যে শ্রমমন্ত্রক আচমকাই সেই বৈঠকের স্থান গির থেকে দিল্লিতে স্থানান্তরিত করার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার হয়তো বিক্ষোভ সমাবেশে আতঙ্কিত। সেই কারণে তারা এড়িয়ে যেতে চাইছে আমাদের বিক্ষোভ কর্মসূচি। তাই ইচ্ছাকৃতভাবে গির থেকে সরানো হয়েছে বৈঠক। ইপিএস-৯৫ এর আওতায় থাকা পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল আজিটেশন কমিটি প্রবীণদের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে দেশজুড়ে। গিরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল তারাই। এই সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, ‘সরকার হয়তো আমাদের জোরালো আন্দোলনকে ভয় পেতে শুরু করেছে। সেই কারণে রাতারাতি স্থান বদল করা হল। কারণ সরকার জানে, যাঁরা ওই আন্দোলনে অংশ নেবেন, তাঁরা ইতিমধ্যে গুজরাতের জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছেন। নতুন করে দিল্লির জন্য টিকিট জোগাড় করা তাঁদের অনেকের পক্ষেই কঠিন। আমরা দেখেছি, কেন্দ্রীয় আছি পরিষদের বৈঠক সাধারণত দিল্লিতেই ডাকা হয়। এর আগে একবার এই বৈঠক বেঙ্গালুরুতে ডাকা হয়েছিল। সেবারও আমরা বেঙ্গালুরুতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম। সেবারও একেবারে শেষ সময় বেঙ্গালুরু থেকে বৈঠক সরানো হয় দিল্লিতে। তবে সরকার যদি ভেবে থাকে বৈঠকের স্থান বদল করলেই আন্দোলন ধামাচাপা দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছে।’ তিনি আরও বলেন, ‘দিল্লিতে যেখানে অছি পরিষদের বৈঠক হবে, সেখানেও আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি। সংখ্যায় কম হলেও আন্দোলনকারীরা সেখানে উপস্থিত হবেন। আমরা ডিসেম্বর মাসেও দিল্লির রামলীলা ময়দানে বড়ো সমাবেশের ডাক দিয়েছি। সেখানেও সারা দেশ থেকে হাজির হবেন হাজার হাজার প্রবীণ। সাড়ে সাত হাজার টাকা মাসিক পেনশনসহ অন্যান্য দাবিদাওয়া যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবই।’

Advertisement