নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প বা ব্যাংকে টাকা রাখার বদলে যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাঁদের একটা বড়ো অংশের ভরসা সিস্টেমেকি ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)। মাসের পর মাস টানা বাড়তে থাকার পর অক্টোবরে দেশজুড়ে এই লগ্নি কিছুটা ধাক্কা খেল। গত মাসে এসআইপি খাতে জমা অঙ্ক সেপ্টেম্বরের তুলনায় কমেছে ৩৩০ কোটি টাকা। শেয়ার বাজারের ওঠানামা, উৎসবের মরশুমে খরচের চাপ আর মাসের শেষে হাতে টাকা কম থাকা প্রভৃতি অক্টোবরে এসআইপিতে কিছুটা প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (অ্যামফি) তথ্য বলছে, অক্টোবরে এসআইপিতে জমা পড়েছে ৩২ হাজার ১৬০ কোটি টাকা। সেপ্টেম্বরে তা ছিল ৩২ হাজার ৪৯০ কোটি টাকা। মাসের হিসেবে কমেছে ১ শতাংশের সামান্য বেশি। অ্যামফির চিফ এগজিকিউটিভ ভেঙ্কট চালাসানি অবশ্য দাবি, এটাকে এসআইপির পিছিয়ে যাওয়া বলা যাবে না। কারণ, টানা তিনমাস এসআইপি খাতে জমা ৩২ হাজার কোটি টাকার উপরে রয়েছে। অক্টোবরে এসআইপি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৮৭ হাজার। অর্থাৎ প্রায় ১০ কোটি। একবছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৯ কোটি ৪৫ লক্ষ। গতবছর অক্টোবরে এসআইপি খাতে জমা পড়িছিল ২৯ হাজার ৫২৯ কোটি টাকা।
অ্যামফি জানিয়েছে, এসআইপিতে বিনিয়োগ হওয়া মোট সম্পদ দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। গতবছরের একই সময়ের তুলনায় তা ৮.৮ শতাংশ বেশি। সংগঠনটির দাবি, মিউচুয়াল ফান্ড বাজারের মোট সম্পদের ২১.২ শতাংশই এখন এসআইপির দখলে। প্রসঙ্গত, অক্টোবরে মিউচুয়াল ফান্ড শিল্পে নিট বিনিয়োগ এসেছে ১.৭৪ লক্ষ কোটি টাকা। তাতে নিট সম্পদের পরিমাণ ৮৩ লক্ষ ৩৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।



