ডিসেম্বর থেকেই বাড়ছে নিত্যপণ্যের দাম, কেউ কমাচ্ছে প্যাকেটের সাইজ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোনো কোনো সংস্থা তাদের নামী ব্র্যান্ডের ডিটারজেন্ট, সাবান, টুথপেস্টের দাম বাড়িয়ে দিয়েছে উৎসবের মরশুম শেষ হওয়ার পরেই। কিছু সংস্থা তাদের বিস্কুটের দাম বৃদ্ধি করেছে। কেউ কেউ প্যাকেটের আকার এবং ওজন কমানোর পথে হাঁটছে। অর্থাৎ অপেক্ষা ছিল উৎসবের মরশুম চলে যাওয়ার। তারপরই নিত্যপণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক ভোগ্য এবং নিত্যপণ্যের উৎপাদক সংস্থা। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আর একই দামে পণ্য বিক্রয় করতে পারা যাচ্ছে না বলে কমবেশি তাবৎ সংস্থাই জানিয়ে দিচ্ছে পাইকারি বাজার তথা ডিস্ট্রিবিউটদের। সেই কারণেই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যেই নানাবিধ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। টুথপেস্ট, সাবান, সরষের তেল, শ্যাম্পু, ডিটারজেন্ট, নারকেল তেল, বডি অয়েল, ময়েশ্চারাইজারের মতো প্রতিটি পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা। একইভাবে পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিও কমবেশি একই আছে। সেই কারণেই খাদ্যপণ্যের দাম কমার তেমন সম্ভাবনা নেই। সর্বশেষ নীতি নির্ধারণ কমিটির বৈঠকে এই কথাই বলেছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। রেপো রেট যে কমানো হবে না তা জানিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হিসাবে বলেছিলেন, মূলত খাদ্যপণ্যের দাম কমার সম্ভাবনা কম বলেই মূল্যবৃদ্ধির হার কমবে না। বরং আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত বৃদ্ধি পাবে। কিন্তু দেখা যাচ্ছে নিছক খাদ্যপণ্য নয়। নিত্যপণ্যের দামও এবার ঊর্ধ্বগামী হচ্ছে। অর্থাৎ যে দু‌ই পণ্য নিয়ে আম জনতার সংসার, সেগুলিই নাগালের বাইরে যাচ্ছে নতুন বছরের প্রাক্কালে। 

Advertisement