আজ থেকে দাম বাড়ছে আমুল দুধের, বৃদ্ধি প্রতি লিটারে ৪ টাকা পর্যন্ত
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি নিয়ে জেরবার আম জনতা। বাজারের থলে ভরাতে হিমশিম আমজনতা। এবার গোদের উপর বিষফোঁড়া। ঘি ও মাখনের পর দাম বাড়ছে আমুল দুধের। এক্ষেত্রে আমুল তাজা টোনড মিল্কের দাম লিটার প্রতি ২ টাকা এবং গোল্ড মিল্কের দাম ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আজ, বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এর জেরে আমুল তাজার দাম ৫৯ থেকে বেড়ে হবে ৬১ টাকা। আমুল গোল্ডের দাম ৭২ থেকে বেড়ে হবে ৭৬ টাকা। যদিও অঞ্চল ভিত্তিতে দামের তারতম্য থাকছে। 

Advertisement

এদিন আমূল ব্র্যান্ডের নেপথ্যে থাকা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) একটি বিবৃতি জারি করে এই দামবৃদ্ধির কথা জানিয়েছে। সংগঠনের বক্তব্য, দুধের দাম চার-পাঁচ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং, জ্বালানির খরচ বেড়েছে। সেইসঙ্গে গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্তে অপর্যাপ্ত বৃষ্টিপাতের জেরে বিপাকে পড়েছেন দুগ্ধ উৎপাদকরা। তাঁদের পাশে দাঁড়াতেই এই দামবৃদ্ধির সিদ্ধান্ত। 
দিল্লি-এনসিআর এলাকায় মাদার ডেয়ারিও দুধের দাম বাড়িয়েছে। এক্ষেত্রে ফুল ক্রিম মিল্কের দাম প্রতি লিটার ৭২ থেকে বেড়ে হবে ৭৬ টাকা। একসঙ্গে বাল্ক ভেন্ডিং মেশিনে টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৮ থেকে বেড়ে হবে ৬০ টাকা।  প্যাকেটবন্দি টোনড মিল্কের দাম পড়বে ৬২ টাকা। আগে ছিল ৬০ টাকা। ডবল টোনড মিল্কের দাম ৫৪ থেকে বেড়ে হবে ৫৬ টাকা প্রতি লিটার।